সময়ের মুখ
মানবিক বাজারের ঝুড়িতে অনেকেই সবজি রাখছেন
সবজির দোকানে একটি ঝুড়ি থাকে। যিনি দান করতে চান, তিনি ঝুড়িতে সবজি রেখে যান। আর যাঁর কেনার সামর্থ্য নেই, তিনি ঝুড়িটি থেকে বিনা মূল্যে সবজি নিয়ে যান। চট্টগ্রামের কয়েকজন তরুণের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে মানবিক বাজার। এই বাজারের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ কায়ছার আলী চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ।
প্রশ্ন :
প্রথম আলো: মানবিক বাজারের ধারণা কীভাবে এল?
কায়ছার আলী চৌধুরী: দুই বছর আগে চট্টগ্রাম নগরের কলেজ সড়কে ‘মানবিক রুটির ঝুড়ি’ নামের একটি উদ্যোগ নিয়েছিলাম। যদিও তা নানান কারণে চালু রাখতে পারিনি। এ নিয়ে আক্ষেপ ছিল। করোনার মধ্যে মানুষের জন্য নানাভাবে কিছু করার চেষ্টা করেছি। কিছুদিন আগে ফেসবুকে দেখি চট্টগ্রামের গরিব উল্লাহ হাউজিং বাজারের সবজি বিক্রেতা মো. ইব্রাহিম তাঁর দোকানের সামনে একটি ঝুড়ি রেখেছেন। পাশে কাগজে লিখে রেখেছেন যে অসহায় মানুষেরা সেখান থেকে সবজি নিতে পারেন। ওই সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে মানবিক বাজার চালুর চিন্তাটি মাথায় আসে।
প্রশ্ন :
প্রথম আলো: তারপর কীভাবে চালু করলেন?
কায়ছার আলী চৌধুরী: গরিব উল্লাহ হাউজিং বাজারের সবজি বিক্রেতা ইব্রাহিম যে কাজটি শুরু করেছিলেন, তা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। আরেক তরুণ আবু হাসান ও তাঁর সংগঠন মুসাইদাহ এতে সহায়তা করে। মুহাম্মদ রাশেদ উদ্দিন, আরশাদ সিদ্দিকী, সানা উল্লাহ চৌধুরী, মুহাম্মদ আলম, নাসির ফারুকীসহ আরও অনেকে এই উদ্যোগের সঙ্গে রয়েছেন।
প্রশ্ন :
প্রথম আলো: কোথায় কোথায় চালু হয়েছে?
কায়ছার আলী চৌধুরী: গরিব উল্লাহ হাউজিং বাজারের পর চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়া, চকবাজার, মোহরা ও কর্ণফুলী বাজারে এই মানবিক বাজার চালু করেছি। হাটহাজারীর নজুমিয়া হাট ও মদুনঘাট এবং রাঙামাটিতেও চালু হয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: টাকা পাচ্ছেন কোথায় থেকে?
কায়ছার আলী চৌধুরী: শুরুতে নিজেদের টাকায় করেছি। কেউ যদি স্বেচ্ছায় সহায়তা করতে চান, আমরা তাতে না করি না। অনেকেই সহায়তা করছেন।
প্রশ্ন :
প্রথম আলো: কে কে সহায়তা করেছেন?
কায়ছার আলী চৌধুরী: বোয়ালখালী উপজেলা থেকে এক ব্যক্তি এসে দেড় হাজার টাকার সবজি ঝুড়িতে রেখে গিয়েছিলেন। কর্ণফুলী বাজারের সবজি বিক্রেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা প্রতিদিন এক কেজি করে সবজি ঝুড়িতে রাখবেন। নওগাঁ ও নাটোর থেকে ফোন করে দুজন জানতে চেয়েছেন, কীভাবে এই বাজার চালু করা যায়। কুমিল্লা থেকে ফোন পেয়েছি। এই উদ্যোগ নিয়ে স্বনামধন্য মানুষেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েছেন।
প্রশ্ন :
প্রথম আলো: কারা উপকৃত হচ্ছেন?
কায়ছার আলী চৌধুরী: আসলে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। যাঁরা কষ্টে আছেন, তাঁরা নিঃসংকোচে ঝুড়ি থেকে সবজি নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষকে সবজি দেওয়া হয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: ব্যবস্থাপনা হচ্ছে কীভাবে?
কায়ছার আলী চৌধুরী: আমরা তদারকি করি। আর মূল ব্যবস্থাপনার কাজটি করেন বাজারের নির্দিষ্ট সবজি বিক্রেতা। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। কোনো কারণে যদি ঝুড়ি খালি হয়ে যায়, তাহলে তা দ্রুত পূর্ণ করা হয়।
প্রশ্ন :
প্রথম আলো: এই বাজার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
কায়ছার আলী চৌধুরী: আসলে তেমন কোনো পরিকল্পনা নেই। আপাতত পবিত্র রমজান মাস পর্যন্ত মানবিক বাজার চালু রাখা নিয়ে কাজ করছি। পরের বিষয়টি পরে দেখা যাবে। স্বপ্ন দেখি, এই বাজার সারা দেশে ছড়িয়ে পড়বে।