
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার মানবিক বিভাগে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। তিন বছরের ব্যবধানে এই বিভাগে পাসের হার কমেছে ১০ দশমিক ৪৯ শতাংশ। এ বছর মানবিক বিভাগের প্রায় অর্ধেক পরীক্ষার্থীই পাস করতে পারেননি। মানবিক বিভাগের ফল খারাপ হওয়া সত্ত্বেও অবশ্য চট্টগ্রাম বোর্ডে গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এবার চট্টগ্রাম বোর্ডের ২২৫টি কলেজের ৮৭ হাজার ৫৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৫৬ হাজার ১৬ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছেন। ছাত্রীদের পাসের হার ৬৫ দশমিক ৫২ শতাংশ, ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিকে এগিয়ে আছেন ছাত্ররা। ছাত্রীরা যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯ জন, সেখানে ১ হাজার ২৪৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
এ বছর মানবিক বিভাগে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এবার এই বিভাগে অংশ নেওয়া ৩৩ হাজার ৪৬ জনের মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৫২ দশমিক ৩৩ শতাংশ। ২০১৪ সালে এই হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ।
এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৭০ দশমিক ৮৫ শতাংশ। গত বছর বিজ্ঞানে ৭৩ দশমিক ৮৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৩৬ শতাংশ।
গত বছর চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৫৩ জন। এর মধ্যে মানবিকে পেয়েছেন মাত্র ৫৫ জন। মানবিকে গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৭৬ জন। বিজ্ঞান বিভাগে এবার ১ হাজার ৬৭৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫২৪ জন।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ার বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের তুলনায় মানবিকের শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে খারাপ করেছেন। এ বিভাগে পাসের হার কমার এটি অন্যতম কারণ।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী প্রথম আলোকে বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে অধিকতর মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হন। কিছু ব্যতিক্রম ছাড়া অনেকেই ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে সুযোগ না পেয়ে মানবিকে ভর্তি হন। এ দুই বিভাগের তুলনায় মানবিকের শিক্ষার্থীরা কিছুটা দুর্বল। তাই ফলাফলে এ বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে থাকেন।
অঞ্জন কুমার নন্দী প্রথম আলোকে বলেন, মানবিক বিভাগে পাসের হার বাড়াতে বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে এবং এর একটি উপায় খুঁজে বের করতে হবে।
পাসের হার বেড়েছে পার্বত্য জেলায়: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন তিন পার্বত্য জেলায় এবার পাসের হার বেড়েছে। বান্দরবান জেলায় এবার পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ। গতবার এ জেলায় পাসের হার ছিল ৫৭ দশমিক ৯৯ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫১ দশমিক ৭০ শতাংশ। গতবার ছিল ৫০ দশমিক ১৬ শতাংশ। রাঙামাটি জেলায় গতবার পাসের হার ছিল ৪৩ দশমিক ৯১ শতাংশ। এবার পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ।
কক্সবাজার জেলায় এবার পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। গতবার এই হার ছিল ৬৪ দশমিক ৮০ শতাংশ। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৬ দশমিক ৯৬ শতাংশ। গতবার ছিল ৭৬ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ২৩ শতাংশ। গতবার ছিল ৫৮ দশমিক ৭৩ শতাংশ।
সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম কলেজের: এবার চট্টগ্রাম কলেজ থেকে সর্বোচ্চ ৪৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে পেয়েছেন ৪৩৪ জন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৭ জন, সরকারি কমার্স কলেজ থেকে ২০৫ জন এবং সরকারি সিটি কলেজ থেকে ১৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন।
শতভাগ পাস পাঁচ কলেজে: চট্টগ্রাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও চট্টগ্রাম মহানগর কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে চট্টগ্রাম মহানগর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।