মানবিকতার মধ্য দিয়ে একটি দেশ ও জাতি পরিবর্তন হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার দুপুরে সিআরপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর
ছবি: প্রথম আলো

একজন মানুষের মানবিকতা ও মনুষ৵ত্ববোধের মধ্য দিয়ে একটি দেশ ও জাতি পরিবর্তন হতে পারে। ওই ব্যক্তি সবার মধে৵ আবির্ভূত হন স্রষ্টার একজন প্রতিনিধি হিসেবে, কল্যাণমূলক কাজের জন্য। কিছু মানুষের কর্ম শুধু নিজের বা সমাজের ভেতর থাকে না, সমগ্র জাতির মধে৵ ছড়িয়ে যায়। সেই কাজের কল্যাণ ও সুফল সবাই পেয়ে থাকেন। সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর ঠিক তেমনই একজন।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। আজ শনিবার বেলা তিনটায় সাভারের চাপাইনে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের রেডওয়ে হলে আলোচনা সভা হয়।

বিপ্লব বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের সময় ভ্যালেরি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বেদনা দেখে তাঁদের সেবার মধ্য দিয়ে যে কাজ শুরু করেছিলেন, যে আলো তিনি জ্বালিয়েছিলেন, সেই আলো আজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছে। এ প্রতিষ্ঠানে সেবা নিতে আসা আমাদের পরিবারের প্রতিবন্ধী শিশু ও সদস্য, যাঁরা মনে করেছিলেন এটি একটি অভিশপ্ত জীবন, আজ ভ্যালেরি তাঁদের জীবনকে অর্থবহ করেছেন, তাঁদের সে ধারণা থেকে মুক্তি দিয়েছেন।

সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন লেখক ইমদাদুল হক মিলন, র‍্যাব-৪-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, সিআরপির নির্বাহী পরিচালক মুহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সিআরপির বিভিন্ন সেবা, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণসহ নানা কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের সব সদস্য ও উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন ভ্যালেরি। পরে একই স্থানে সিআরপির একীভূত বিদ্যালয়ের নিয়মিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইমদাদুল হক বলেন, সিআরপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ৪২ বছর ধরে ভ্যালেরি অ্যান টেইলর মানুষের সেবা করে যাচ্ছেন। মাত্র ৪ জন রোগীর সেবা দিয়ে শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি থেকে এখন বছরে গড়ে ৮০ হাজার মানুষ সেবা পাচ্ছে। সিআরপির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকে শারীরিক অক্ষমতাকে জয় করে পুনর্বাসিত হয়েছেন। এসব ভালো কাজের উদ্যোগ যাঁরা নিয়েছেন, যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের সামনে নিজেকে তুচ্ছ মনে হয়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে না পারলে, সে জীবন ব্যর্থ। কিন্তু ভ্যালেরি এটি পেরেছেন। আর এটিই জীবনের সার্থকতা। জীবনের প্রাপ্তিটা যেন এখানেই।

ভ্যালেরি অ্যান টেইলর বলেন, ‘আমরা আরও ৪২ বছর পার করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সিআরপির সাভারের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ১২টি শাখা রয়েছে। আমরা চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। রাজশাহীতে পাঁচ একর ও খুলনায় আট একর জমি দেওয়া হয়েছে। সেখানেও আমরা শাখা করব। সব দাতা ও আমাদের নানাভাবে সহযোগিতাকারীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।’