মানসিক ভারসাম্যহীন মানুষ খুঁজে বেড়ান তিনি
করোনাভাইরাস পরিস্থিতিতে পাঁচ মাস ধরে শুক্রবার এলেই তিনি বেরিয়ে পড়েন কিছু মানুষের খোঁজে। পথে প্রান্তরে, সড়ক-মহাসড়কে, হাটবাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বা দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরতে থাকেন সেই সব মানুষের খোঁজে। সমাজে চরম অবহেলায় যাঁদের দিন কাটে, সেই সব মানসিক ভারসাম্যহীন মানুষ খুঁজে বের করে মুখে অন্ন তুলে দেন সফিক মণ্ডল।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার বাসিন্দা মো. সফিক মণ্ডল (২৭) রাজবাড়ী ইঞ্জিনিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শেষ পর্যায়ে রয়েছেন। বাবার নাম মৃত মানিক মণ্ডল। মা মোসা. জরিনা বেগম। চার ভাই দুই বোনের মধ্যে সফিক মণ্ডল তৃতীয়।
সফিক মণ্ডল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। তাঁর এই কাজে সক্রিয়ভাবে জড়িত আছেন ইমরান হোসেন, কামরুল ইসলাম, সজিব শাহরিয়ারসহ কয়েক বন্ধু। শীতের মৌসুমে মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে মানুষ খুঁজে বের করে তাদের গায়ে শীতবস্ত্র তুলে দেওয়া, বন্যার সময় অসহায় মানুষের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, নদীভাঙা মানুষের ঘর সরিয়ে নিতে সহায়তার হাত বাড়ান তাঁরা। চলতি বছরের রোজার মাস থেকে ওই সব মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষের জন্য ইফতারি দিতেন তাঁরা। এখন প্রতি শুক্রবার অন্তত এক বেলা খাবার তুলে দেওয়ার কাজটি করে যাচ্ছেন সফিক ও তাঁর বন্ধুমহল।
সফিক মণ্ডলের হাইস্কুলের শিক্ষক, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী বলেন, ‘সফিক একজন মানবিক মানুষ। শীতের সময় বেরিয়ে পড়ে অসহায় ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে। বন্যা এলে সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে ছুটে যায় খাদ্যসামগ্রী নিয়ে। রাস্তার ধারে বা হাটবাজারে, ঘাটে পড়ে থাকা অসহায় ভারসাম্যহীন মানুষের জন্য প্রতি শুক্রবার দুপুরের খাবার ব্যবস্থা করছে সে। আমি কয়েকবার সফিকের এমন মানবিক কাজে সরাসরি যুক্ত ছিলাম।’
সফিক মণ্ডল জানান, তাঁর পড়াশোনা প্রায় শেষের পথে। এখনো নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারেননি। অসহায় মানুষের জন্য সব সময় মন কাঁদে। তাই নিজের সাধ্যের মধ্য থেকে সহযোগিতার হাত বাড়ান। চার বছর ধরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের মুখে প্রতি শুক্রবার অন্তত এক বেলার খাবার তুলে দিচ্ছেন বন্ধুদের সঙ্গে নিয়ে।
গতকাল শুক্রবার গোয়ালন্দ থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় পর্যন্ত ঘুরে ৩১ জন মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের হাতে মাংস–খিচুড়ির প্যাকেট তুলে দিয়েছেন। এর আগের শুক্রবার পেয়েছিলেন ২০ জনকে।
সফিক মণ্ডল বলেন, ‘করোনার কারণে অনেকে ভয়ে এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট, রেলওয়ে স্টেশন, মৌলভির বাজার, পৌরসভার জামতলা, মকবুলের দোকান, জমিদারব্রিজ, গোয়ালন্দ মোড়সহ বিভিন্ন এলাকার রাস্তার ধারে বা হাটবাজার ও সড়কের পাশ থেকে তাদের খুঁজে বের করে খাদ্য সরবরাহ করছি।’
প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক ও স্কুলশিক্ষক মাহাফুজুর রহমান বলেন, ‘সমাজের অনেক বিত্তবান মানুষ আছেন, যাঁদের অর্থ থাকলেও এ রকম মানুষের পাশে দাঁড়ানোর মতো সময় নেই। সফিক একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত থাকলেও ছাত্রজীবন শেষ হয়নি। এমন অবস্থায়ও করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রকে এমন মানবিক কাজে যুক্ত থাকতে দেখে আমি অভিভূত।’