মানহানির মামলায় বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম আজ রোববার সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালতে মামলার শুনানিতে হাজির হন। আদালত চত্বরে তোলা।
ছবি: প্রথম আলো

মানহানির অভিযোগে নালিশি মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম আদালতের শুনানিতে আজ রোববার হাজির হন। বেলা সাড়ে ১১টায় গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শুরু হয়। পরে বিচারক কায়সারুল ইসলাম মামলার শুনানির তারিখ আগামী ৩০ মার্চ ধার্য করেন।

আদালত থেকে বের হওয়ার সময় জাহাঙ্গীর আলম সাংবাদিকের বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এমন মিথ্যা মামলা বা অভিযোগ করে যেন কাউকে হয়রানি করা না হয়।’

গত বছরের ২৮ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। মামলার বাদী আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ নামের একটি সংগঠনের চেয়ারম্যান আতিকুর রহমান (শাহ সুলতান আতিক)। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে।

বাদী তাঁর মামলার আবেদনে অভিযোগ করেন, অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। গত বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে তাঁর বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাঁর বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। মামলায় তাঁর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওই ঘটনার জেরে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।