মানিকগঞ্জ কোভিড হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু
মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হলো। আজ সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনার সংক্রমণে দুজন ও করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৮৩ ও উপসর্গ নিয়ে ২১২ জনের মৃত্যু হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ১৯০ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে করোনা ওয়ার্ডে ১২২ ও আইসোলেশনে ৬৮ জন ভর্তি।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন করে রোগী ভর্তি হচ্ছেন। তাঁদের মধ্যে অর্ধেকের বেশিই করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। অন্যরা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৬৬। নতুন সংক্রমিতদের মধ্যে জেলা সদরে ২৫ জন, সাটুরিয়ার ৫, দৌলতপুরের ১, ঘিওরের ৫, শিবালয়ের ১২, সিঙ্গাইরের ২১ ও হরিরামপুরের ১ জন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ হাজার ৪৪১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৬৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় সংক্রমিত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জনসাধারণের অসচেতনতার কারণে জেলায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার পরামর্শ দিয়েছেন তিনি।