মানিকগঞ্জ পৌরসভা: বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে ‘ককটেল’ বিস্ফোরণ
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আতাউর রহমানের বাসার সামনে শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন ‘ককটেল’ বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ তিনি শনিবার জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সোমবার মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়রা এলাকায় বিএনপির প্রার্থী আতাউর রহমানের বাসা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই বাসার সামনে রাস্তায় সন্ত্রাসী বাহিনী পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। নির্বাচনের দিন তিনিসহ (বিএনপির প্রার্থী) দলীয় নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত না থাকতে হুমকি দিয়ে মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক তিনি মানিকগঞ্জের র্যাব কার্যালয়ে ফোনে জানান। এরপর র্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে আজ শনিবার বেলা দেড়টার দিকে র্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার (এএসপি) উনু মং বলেন, ‘আমি একটি অভিযানে আছি। বিষয়টি আমার জানা নেই। প্যাট্রল ডিউটিতে থাকা র্যাবের সদস্যরা সেখানে যেতে পারেন।’
র্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পটকা ফোটানো হয়েছে। দুটি পটকার খোসা উদ্ধার করা হয়।
বিএনপির প্রার্থী আতাউর রহমান বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তাঁকে ও তাঁর কর্মী-সমর্থকদের বাধা দিয়ে আসছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রমজান আলী ও তাঁর লোকজন। সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী বলেন, প্রতিপক্ষের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শুক্রবারের রাতের ওই ঘটনার সঙ্গে তিনি বা তাঁর কর্মীরা কেউ জড়িত নন। তাঁকে হেয় করতে তিনি (বিএনপির প্রার্থী) এসব বানোয়াট কথা বলছেন।
জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিএনপির প্রার্থীর লিখিত অভিযোগও পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।