মানিকগঞ্জে অতিবৃষ্টিতে ফসলি জমি প্লাবিত, ক্ষয়ক্ষতির আশঙ্কা
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রামের কৃষক বাবলু মিয়া (৪৫) আড়াই বিঘা জমিতে শর্ষের আবাদ করেছেন। শর্ষেগাছে ফুল আসতে শুরু করেছে। এরই মধ্যে গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে অতিবৃষ্টিতে তাঁর শর্ষেখেত প্লাবিত হয়েছে। এতে তিনি শর্ষের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
আজ মঙ্গলবার সকালে বাবলু মিয়া নিজের প্লাবিত শর্ষের খেত দেখছিলেন। এ সময় কথা হলে তিনি বলেন, জমিতে হালচাষ থেকে শুরু করে শর্ষের দানা ও সার কেনাসহ আগাছা পরিষ্কার করতে আড়াই বিঘা জমিতে তাঁর প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। খেতে বৃষ্টির পানি জমে শর্ষেগাছগুলো নুয়ে পানিতে পড়ে আছে। অধিকাংশ শর্ষেগাছ মরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি ক্ষতির মুখে পড়েছেন।
শুধু বাবলু মিয়ার খেতই নয়, তাঁর মতো আরও অনেক কৃষকের ফসল ও সবজির জমিতে বৃষ্টির পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মনিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের কৃষক রমিজ উদ্দিন বলেন, দুই বিঘা জমিতে পেঁপের আবাদ করেছেন। বৃষ্টির পানি খেতে জমে থাকায় পেঁপেগাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। একই ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের এমদাদুল হক চার বিঘা জমিতে গাজরের আবাদ করেছেন। তিনি বলেন, গাজরের বীজ থেকে কয়েক দিন আগে গাছ গজাতে শুরু করে। তিন দিনের বৃষ্টিতে খেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দ্রুত পানি নেমে না গেলে গাছগুলো মরে যাবে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি, নতুন বসতি, কয়রা, ছুটিভাটবাউর গ্রামের অনেকের শর্ষেখেতে পানি জমে আছে। কৃষকদের কেউ কেউ খেতের আল কেটে পানি বের করার চেষ্টা করছেন।
মানিকগঞ্জে এবার ৩৭ হাজার হেক্টর জমিতে শর্ষের আবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
জয়মন্টপ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান আলী বলেন, জয়মন্টপ ইউনিয়নে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়ে থাকে। এখানকার জমিতে গাজর, পেঁপে, করলা, চিচিঙ্গা, শসা, লাউ, শিমসহ বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। নিচু সবজিখেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষকদের অনেকেই পানিনিষ্কাশনের ব্যবস্থা করেছেন। তিনিও এতে সহযোগিতা করছেন।
জেলা খামারবাড়ি সূত্রে জানা যায়, মানিকগঞ্জে এবার ৩৭ হাজার হেক্টর জমিতে শর্ষের আবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ২ হাজার ৭০৬ হেক্টর জমিতে খেসারির আবাদ হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে ৩০ হেক্টর জমিতে। ২৬ হেক্টর জমির আলু, ৩০ হেক্টর পেঁয়াজখেত এবং ৫৬৮ হেক্টর জমির গাজরখেত প্লাবিত হয়েছে।
জলাবদ্ধতার কারণে বীজতলার সব বীজ পচে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।
জেলা খামারবাড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তবে ফসলের তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
বীজতলায় পানি ঢোকাতেও কৃষকের ক্ষতি হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রামের লাভলু মিয়া এক বিঘা জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছিলেন। অতিবৃষ্টিতে তাঁর বীজতলা তলিয়ে গেছে। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে বীজতলার সব বীজ পচে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান বিশ্বাস বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবৃষ্টির কারণে বেশ কিছু ফসলি জমিতে পানি জমেছে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।