মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সওজ কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সৈয়দা সামিরা। সওজ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে জেলা শহরের প্রবেশদ্বার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন সওজের জায়গায় দোতলা ও তিনতলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। এরপর সেখানে ৫২টি দোকান ভাড়া দেওয়া হয়। এর মধ্যে মুদি, ফল, মুঠোফোন, মনিহারি ও খাবারের হোটেল রয়েছে। দোকান ভাড়ার টাকার কিছু অংশ মসজিদের উন্নয়নে খরচ করা হয়। কিছু অংশ জেলা প্রশাসনের কোষাগারেও জমা দেওয়া হয়। বাকি টাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পান। এসব অবৈধ স্থাপনার কারণে বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এ কারণে এর আগে কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের নেতাদের বাধার কারণে তা হয়ে ওঠেনি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে গত বছরের শেষের দিকে জেলা শহরের মূল সড়ক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-খালপাড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। সম্প্রতি চার লেনের কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরপর এসবের অপসারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার নোটিশ দেওয়া হয়। গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পুলিশ ছাড়াও জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক ও উপবিভাগীয় প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ উপস্থিত ছিলেন।
গাউস-উল-হাসান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।