মানিকগঞ্জে আরও আটজনের করোনা
মানিকগঞ্জে আরও আটজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় ১ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হলো। আজ শুক্রবার সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রফিকুন্নাহার এ তথ্য জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে দুজন, সিঙ্গাইরে তিনজন এবং ঘিওর, দৌলতপুর ও হরিরামপুরে একজন করে রয়েছেন।
এ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৯। তাঁদের ১ হাজার ৫৯২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় ৫৯ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। আজ সকালে এসব নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এতে আটজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৯। আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৫৯২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আলাদা থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, শীতে করোনায় আক্রান্তের হার কিছুটা বেড়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনসাধারণের অনীহা রয়েছে। মাস্কই করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও গ্রামাঞ্চলে অনেকে তা ব্যবহার করেন না। সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।