মানিকগঞ্জে ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এক প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ হোসেন বরাইদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। প্রাথমিকভাবে ফরহাদের হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে তাঁকে শ্বাস রোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।
সাটুরিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজখবর নিতে থাকেন। তবে রাতে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল আটটার দিকে প্রতিবেশী মাহিন্দ্র মণ্ডলের বাড়ির পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে যান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলমসহ পুলিশ সদস্যরা।
ওসি আশরাফুল আলম বলেন, ইউপি সদস্যকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন তাঁকে হত্যা করা হলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।