মানিকগঞ্জে করোনা সংক্রমণের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ
মানিকগঞ্জে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১০৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর গত বছরের ডিসেম্বরে সংক্রমণের মাত্রা কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। এরপর গত জুলাই মাস থেকে সংক্রমণ ও মৃত্যু দুটিই উদ্বেগজনকভাবে বাড়তে থাকে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে ৪৬ জন, ঘিওরে ২১ জন, শিবালয়ে ২৩ জন, সিঙ্গাইরে ৬১ জন, সাটুরিয়ায় ৩৫ জন, হরিরামপুরে ১৪ জন ও দৌলতপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৭২। তাঁদের মধ্যে ৩ হাজার ৭৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০৯ জনের মৃত্যু হলো।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে চরম অনীহা রয়েছে। গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো আগ্রহও নেই। এ কারণে গ্রামে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার উপসর্গ দেখা দিলেও গ্রামের অনেকে নমুনা পরীক্ষা করেন না। এসব কারণে জেলায় করোনা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।