মানিকগঞ্জে করোনায় আক্রান্ত রোগী ৪ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৬৪ জন। এ ছাড়া বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৫ এপ্রিল। সেদিন সিঙ্গাইর পৌর এলাকার একটি মাদ্রাসায় তাবলিগে আসা তিন মুসল্লির করোনা শনাক্ত হয়। এরপর জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হতে থাকে। বাড়তে থাকে আক্রান্তের হার।

গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। একই সঙ্গে করোনায় মৃত্যুও বাড়তে থাকে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় জেলার ৭টি উপজেলায় ৭৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৭৫। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে জেলা সদরে ৩০, ঘিওরে ১৫, শিবালয়ে ২৫, সিঙ্গাইরে ৫১, হরিরামপুরে ১৩, সাটুরিয়ায় ২৫ ও দৌলতপুরে ১০ জন রয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৬৪। তাঁদের মধ্যে ২ হাজার ৭৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, গত এপ্রিলের মাঝামাঝি থেকে জেলায় করোনা শনাক্তের হার বাড়ছে। স্বাস্থ্যবিধি অমান্য করে জনসাধারণের অবাধ চলাফেরা, মাস্ক ব্যবহারে অনীহা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উদাসীনতার কারণেই করোনায় আক্রান্তের হার বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন তিনি।