মানিকগঞ্জে করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১০৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

মানিকগঞ্জে করোনার সংক্রমণের হার ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪। এ ছাড়া এ সময়ের আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার বিকেলে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। একই সঙ্গে করোনায় মৃত্যুও বাড়তে থাকে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার ৭টি উপজেলায় ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ৮৬।

আরও পড়ুন

নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সদরের ১৯ জন, ঘিওরের ৮ জন, শিবালয়ের ১৭ জন, সিঙ্গাইরের ২৭ জন, হরিরামপুরে ১৯ জন, সাটুরিয়া ও দৌলতপুরে ৯ জন করে রয়েছেন। তবে এ সময়ে দৌলতপুর উপজেলায় করোনার কোনো রোগী শনাক্ত হয়নি। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৫। তাঁদের মধ্যে ২ হাজার ৭২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, চলমান বিধিনিষেধের মধ্যেও মানুষজন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন। তাঁদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা ব্যাপক। গ্রামের অনেকে মাস্ক ব্যবহার করেন না। করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সবার জন্যই অপরিহার্য।