মানিকগঞ্জে কোভিড রোগীর সংখ্যা হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে কোভিড–১৯ রোগীর সংখ্যা হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা ১ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬৯ জন। মারা গেছেন ১৪ জন।

গতকাল সোমবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এর পর ধীরে ধীরে পুরো জেলায় করোনা সংক্রমণের হার বাড়তে থাকে। এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৮ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১ হাজার ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত মে ও জুন মাসে জেলায় করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল। ঝুঁকিপূর্ণ বিবেচনায় গত ১৩ জুন মানিকগঞ্জের সাতটি এলাকাকে 'রেড জোন' ঘোষণা করে জেলা প্রশাসন। এতে রোগীর সংখ্যা কমলে ৪ জুলাই এসব এলাকাকে 'ইয়েলো জোন' ঘোষণা করা হয়।

জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় করোনা সংক্রমণের হার কমেছে। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।