মানিকগঞ্জে কোভিড হাসপাতালে এ পর্যন্ত ৩১৫ জনের মৃত্যু
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১৫ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল এই তথ্য জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলা কোভিড হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ওয়ার্ডে ১ হাজার ২৪০ জন এবং আইসোলেশনে ১ হাজার ৩৬৮ জন ভর্তি হন। এ পর্যন্ত আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১ হাজার ১৩৫ জন এবং করোনা পজিটিভ ওয়ার্ডে ৮০৩ জন রোগী সুস্থ হয়েছেন। এ ছাড়া আইসোলেশনে ২৯৯ জন ও করোনা পজিটিভ ওয়ার্ডে ২১৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে করোনা পজিটিভ ওয়ার্ডে ৮৭ জন এবং আইসোলেশনে ২১ জনসহ মোট ১০৮ জন রোগী ভর্তি রয়েছেন।
সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা পজিটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হাসপাতালটিতে ৩১৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে আইসোলেশনে ২২০ জন এবং করোনা পজিটিভ ওয়ার্ডে ৯৫ জনের মৃত্যু হয়।
হাসপাতালের আরএমও কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে। গত জুলাই মাসে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন রোগী ভর্তি হতেন। চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রোগীর সংখ্যা কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ জন এবং আইসোলেশনে ১০ জনসহ মোট ২০ জন রোগী ভর্তি হন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে জেলা সদরে ১৬ জন, সাটুরিয়ায় দুজন, দৌলতপুরে একজন, শিবালয়ে তিনজন, ঘিওরে একজন, হরিরামপুরে তিনজন এবং সিঙ্গাইরে পাঁচজন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত অন্য রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত জুলাই মাসে করোনা পরিস্থিতির ভয়াবহতা ছিল। চলতি আগস্ট মাসের মাঝামাঝি থেকে জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমে আসে। সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে এবং মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণের হার আরও কমে আসবে।