মানিকগঞ্জে কোভিড হাসপাতালে এক দিনে ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ কে এম কাজী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বুধবার বেলা ১১টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এর আগের দিন মারা যান ৮ জন। মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন। তাঁদের মধ্যে ২৫ জন পজিটিভ এবং ২৯ জন হাসপাতালের আইসোলেশন জোনে আছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৩ জন। তাঁদের মধ্যে করোনা ওয়ার্ডে পজিটিভ রোগী আছেন ১৪৯ জন এবং আইসোলেশনে ১৬৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল মানিকগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিন সিঙ্গাইর পৌর এলাকায় একটি মাদ্রাসায় তাবলিগে আসা তিন মুসল্লির করোনা শনাক্ত হয়। এরপর জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হতে থাকে। বাড়তে থাকে আক্রান্তের হার।

গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। একই সঙ্গে করোনায় মৃত্যুও বাড়তে থাকে। গত বছরের ১৬ মে জেলায় করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। গত জুলাই মাস থেকে জেলায় করোনায় সংক্রমণ ও মৃত্যু—দুটোই উদ্বেগজনকভাবে বেড়ে যায়।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যু বাড়ছে। ২৪ ঘণ্টায় ৪২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৯ দশমিক ১৮। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা সদরে ৫৩, সিঙ্গাইরে ৩২, ঘিওরে ১৫, শিবালয়ে ১০, হরিরামপুরে ৮, দৌলতপুরে ৪ ও সাটুরিয়ার ২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯০৬ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪০২ জন। অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের আরএমও কাজী এ কে এম রাসেল বলেন, প্রতিদিনই হাসপাতালে রোগী বাড়ছে। রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। অনেক মুমূর্ষু রোগী হাসপাতালে আসছেন। রোগীদের সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।