মানিকগঞ্জে কোভিড হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জে করোনা ডেডিকেটেট হাসপাতালের ভেতরে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এক চিঠি মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে এ কথা জানানো হয়।

এ বিষয়ে সাংবাদিকনেতারা বলছেন, করোনাকালে সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এই মহামারিতে হাসপাতালে চিকিৎসাসেবার বিষয়ে জনসাধারণের আগ্রহ আছে। পেশাগত কাজেই সাংবাদিকদের হাসপাতালে যেতে হয়। সেখানে এ ধরনের বিধিনিষেধ কাম্য নয়।

চিঠিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেট হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি রোগী বেড়ে যাওয়ায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুরোটাই কোভিড ডেডিকেটেট করে রোগী ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ রোধে বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, ফ্লোরসহ হাসপাতালের ভেতরে প্রবেশ সীমিত করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীকে নিজেদের ও কোভিড-১৯ রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহর মুঠোফোন কল করা হলে তিনি ধরেননি। পরে জানা যায়, তিনি অসুস্থ হয়ে বাসায় আছেন।

করোনা ইউনিটের সমন্বয়ক মানবেন্দ্র সরকার বলেন, হাসপাতালের সব কার্যক্রম সাংবাদিকেরা সহযোগিতা করে আসছেন। সুরক্ষার জন্যই তাঁদের হাসপাতালে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে। কোনো তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তা নেওয়া যাবে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, চিকিৎসাসেবার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে হাসপাতালে গিয়ে সরেজমিনে কাজ করতে হয় সাংবাদিকদের।

এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশের নিষেধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।