মানিকগঞ্জে কোভিড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
মানিকগঞ্জে ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলা সদরের ৩৭ জন, সাটুরিয়ার ২৪, দৌলতপুরের ৯, ঘিওরে ২, হরিরামপুরে ৩ ও সিঙ্গাইরে ৬৫ জন আছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২৯৪। এর মধ্যে ৪ হাজার ১৩৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১১৬ জন।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় দুজন ও করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। আজ বেলা ১১টা পর্যন্ত ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে করোনা ওয়ার্ডে ১৪২ জন ও আইসোলেশনে আছেন ৭৩ জন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। করোনার সংক্রমণ রোধে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।