মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপিটুনি
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বকচর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

নিহত ডাকাতের নাম আতোয়ার রহমান (৩৫)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। ডাকাতদের হামলায় আহত ব্যক্তিরা হলেন বকচর গ্রামের অটল চক্রবর্তী, তাঁর স্ত্রী শিপ্রা রানি চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তী। জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত তিনটায় পাঁচ–ছয়জনের এক ডাকাত দল বকচর গ্রামের অটল চক্রবর্তীর বাড়িতে হানা দেন। এ সময় ডাকাতেরা অটল গোস্বামী, তাঁর স্ত্রী ও মায়ের হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর স্বর্ণালংকার ও জিনিসপত্র লুট করার সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দুই ডাকাতকে আটক করেন। অপর তিন ডাকাত পালিয়ে যান।

স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, গ্রামবাসী দুই ডাকাতকে আটকের পর গণপিটুনি দেয়। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ নিহত আতোয়ারের লাশ উদ্ধার করে। আটক অপর ডাকাত লিটন শেখকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। লিটনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ডাকাতি নয়, চুরি করতে গিয়েছিলেন তিন চোর। এলাকাবাসীর গণপিটুনিতে এক চোর মারা গেছেন। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।