মানিকগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জ শহরের একটি ফ্ল্যাটে সানজিদা আক্তার ওরফে রুপা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এনে নিহত গৃহবধূর ভাই মনিরুল ইসলাম মামলা করেন।

মামলার আসামিরা হলেন নিহত গৃহবধূর স্বামী শহীদুল ইসলাম, তাঁর বড় ভাই জাহিদুল ইসলাম, মা আঙ্গুরি বেগম ও ভগ্নিপতি নাসির উদ্দিন।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম এলাকার জহিরুল ইসলামের ছেলে শহীদুল ইসলামের সঙ্গে পাশের মাহমুদনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে সানজিদার বিয়ে হয়। পরে মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকার জনৈক নূরুল ইসলামের বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে শহীদুল স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন। শহীদুল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিতে ওষুধের ব্যবসা করেন।

গতকাল বুধবার রাতে শহরের উত্তর সেওতা এলাকার ওই ফ্ল্যাট থেকে খাটের ওপর পড়ে থাকা অবস্থায় সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সানজিদার ভাই মনিরুল ইসলাম বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে স্বর্ণালংকার, আসবাবসহ বাড়ির বিভিন্ন মালামাল দেওয়া হয়। বিয়ের দুই বছর পর থেকে সানজিদার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা দাবি করছিলেন শহীদুল। এ নিয়ে শহীদুল সানজিদাকে মারধর করতেন বলে তিনি দাবি করেন।

জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক (এসআই) টুটুল মিয়া বলেন, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।