মানিকগঞ্জে চতুর্থ দিনে ঢিলেঢালা লকডাউন
মানিকগঞ্জে আজ শুক্রবার ঢিলেঢালাভাবে লকডাউনের চতুর্থ দিন পার হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবা ছাড়া গণপরিবহন, বিপণিবিতান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। তবে গণপরিবহন বন্ধ ছাড়া অনেক কিছুই খোলা। বাইরে বের হওয়া বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাও কম।
আজ সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকলেও প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলে করে মানুষ চলাচল করছে। তবে চেকপোস্টে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষ কর্মস্থলে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। ঢাকা থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি ছিল বেশি। তাঁরা ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপারমার্কেট ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে মানুষকে কেনাকাটা ও সেবা নিতে দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন সড়কের পাশে ব্যবসাপ্রতিষ্ঠানও আংশিক খোলা ছিল। শহীদ রফিক সড়কের দুই পাশে অবস্থিত পোশাক ও কাপড়ের দোকানগুলো একাংশ খোলা রাখতে দেখা গেছে। এসব দোকানের সামনে চেয়ারে বসে ক্রেতাদের ডেকে পণ্য বিক্রি করতে দেখা যায়।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী গাড়ির পাশাপাশি দুই পারের যাত্রীই চলাচল করছেন। তবে আজ নৌপথে পারাপারের যাত্রী ছিল খুবই কম। গণপরিবহন বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আসার পর ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, নৌপথে ১৬টি ফেরি মধ্যে ১০টি দিয়ে পণ্যবাহী গাড়ির পাশাপাশি লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় খুব অল্পসংখ্যক যাত্রী ঘাট এলাকায় আসছেন। জরুরি এসব যানবাহন পারাপারের সময় এসব যাত্রী ফেরিতে ওঠে পড়েন। এতে বাধ্য হয়ে তাঁদের পার করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে। লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে পাটুরিয়া ঘাট, জেলা শহরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। বিধিনিষেধ কার্যকর করতে তাঁরা পদক্ষেপ নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ৮৬টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৪৭ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫০। আর শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৭০।
জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, লকডাউনের মধ্যেও কেউ কেউ স্বাস্থ্যবিধি না মেনে রাস্তাঘাটে চলাচল করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে লকডাউনের সুফল মিলবে না। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে চলার প্রবণতার কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকে যায়।
করোনার সংক্রমণ ঠেকাতে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।