মানিকগঞ্জে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় মৎস্য আড়ত থেকে জব্দ করা জাটকা। আজ মঙ্গলবার সকালে
ছবি: প্রথম আলো

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জ সদর উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের রঞ্জিত হালদার (৫৮) ও সদর উপজেলার তরা গ্রামের সুশান্ত রাজবংশী (৪১)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের বংশ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সরকার জাটকা শিকার ও বিক্রি বন্ধ করেছে। তবে এই নির্দেশনা অমান্য করে মানিকগঞ্জের বিভিন্ন মৎস্য আড়ত ও মাছবাজারে জাটকা বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশে আজ সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সদর উপজেলার কয়েকটি বাজার ও মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মৎস্য আড়তে জাটকা বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক এবং তাঁদের কাছ থেকে আড়াই মণ জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দেন।

ইউএনও ইকবাল হোসেন বলেন, জব্দ করা এসব জাটকা উপজেলার তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।