মানিকগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জ পৌর এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রবিন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহত রবিন মিয়া ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী ওজন স্কেলের কর্মচারী। আহত ইসরাফিল হোসেন তাঁর সহকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিঙ্গাইর থেকে মোটরসাইকেলে করে সহকর্মী ইসরাফিলকে নিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন রবিন। রাত ১১টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কে মানিকগঞ্জের নয়াকান্দি এলাকায় পণ্যবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিন নিহত হন। তাঁর সহকর্মী ইসরাফিল গুরুতর আহত হন। খবর পেয়ে ওই মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ইসরাফিলকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, চাপা দেওয়ার পরপরই ট্রাক নিয়ে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।