মানিকগঞ্জে ট্রাক্টর উল্টে দুজন নিহত
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের সোয়াখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের মো. রুস্তম আলী (২১) ও ফরিদপুরের চর ভদ্রাসন গ্রামের মো. আশরাফুল (২০)।
স্থানীয় আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর সোয়াখা গ্রামের গুচ্ছগ্রামের পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন চালক রুস্তম আলী ও তাঁর সহযোগী আশরাফুল। রাতের যেকোনো সময় বড় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে তাঁরা দুজন মারা যান। আজ সকালে এলাকাবাসী ট্রাক্টরের নিচে তাঁদের মরদেহ চাপা পড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরের চাপায় দুজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।