মানিকগঞ্জে তেল নিয়ে তেলেসমাতি
মানিকগঞ্জে সপ্তাহখানেক ধরে পাইকারি ও খুচরা পর্যায়ে সয়াবিন তেলের সংকট চলছে। ডিলাররা বলছেন, কোম্পানি থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এ সংকট। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও শহর বাজারে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই ডিলারদের কাছ থেকে তাঁরা তেল পাচ্ছেন না। এ জন্য খুচরা ব্যবসায়ীদের কাছে এই ভোজ্যতেল সরবরাহ করা যাচ্ছে না।
অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে পাঁচ লিটার বোতলের তেল নেই। এক ও দুই লিটার বোতলের তেলও কম পাওয়া যাচ্ছে। ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতারা মিলে তেল মজুত করে ‘কৃত্রিম সংকট’ তৈরি করতে পারেন। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
প্রায় দেড় মাস ধরে কোম্পানি থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোম্পানি থেকে বলা হচ্ছে, সরকার সয়াবিন বিক্রির যে দর নির্ধারণ করেছে, বিদেশ থেকে তার চেয়ে বেশি দামে তেল আমদানি করতে হচ্ছে। এ জন্য কোম্পানি থেকে তেল দিচ্ছে না।মো. মাসুদ খান, ডিলার
জেলায় একটি আমদানিকারক কোম্পানির ডিলার মো. মাসুদ খান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, প্রায় দেড় মাস ধরে কোম্পানি থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোম্পানি থেকে বলা হচ্ছে, সরকার সয়াবিন বিক্রির যে দর নির্ধারণ করেছে, বিদেশ থেকে তার চেয়ে বেশি দামে তেল আমদানি করতে হচ্ছে। এ জন্য কোম্পানি থেকে তেল দিচ্ছে না। অন্য আরেকটি কোম্পানির ডিলার নিরঞ্জন বণিক বলেন, কোনো কোনো খুচরা ব্যবসায়ী চাহিদার তুলনায় বেশি তেল নিয়েছেন। আবার ক্রেতারাও প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। এ জন্য বাজারে তেলের সংকট দেখা দিয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহর বাজারের খুচরা ব্যবসায়ী আমজাদ হোসেনের সঙ্গে তাঁর দোকানে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ডিলাররা তেল দিচ্ছেন না। খোলা তেল থাকলেও গত শুক্রবার থেকে বোতলজাত তেল দেওয়া হচ্ছে না। খুচরা তেলেরও স্বল্পতা দেখা দিয়েছে। বাজারের অন্য আরেকজন খুচরা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডিলার ও পাইকারেরা মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন। বাজারে তেলের সংকট থাকায় ক্রেতাদের অনেককে চাহিদার কম তেল নিতে হচ্ছে।’
গতকাল রোববার ও আজ সরেজমিনে জেলা সদরের দুটি বড় বাজার ঘুরে সয়াবিন তেলের ঘাটতি দেখা গেছে। বাজারে এক লিটার ও দুই লিটার বোতল এবং খোলা তেল থাকলেও তার পরিমাণ খুবই কম। এ ছাড়া বাজারে পাঁচ লিটারের বোতল নেই। ফলে অনেককে প্রয়োজনের তুলনায় কম তেল কিনতে হচ্ছে। গতকাল দুপুরে বাসস্ট্যান্ড বাজারের এক খুচরা ব্যবসায়ীর দোকানে পাঁচ লিটার বোতলের তেল কিনতে আসেন মোতালেব হোসেন। তবে সেটি না পেয়ে ওই ক্রেতা এক লিটার বোতলের তেল কিনে নিয়ে যান। তবে বিক্রেতাদের অনেকে ক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনের বেশি তেল কেনার অভিযোগ করেছেন।
এদিকে দফায় দফায় সয়াবিনের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে পণ্যটি। এতে অস্বস্তি ও অসন্তুষ্টিতে ভুগছেন স্বল্প আয়ের মানুষেরা। মানিকগঞ্জ পৌর এলাকার ভুল জয়রা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে। পরিবারের সদস্যসহ গ্যারেজের শ্রমিকদের প্রতিদিনের রান্নায় সয়াবিনের ব্যবহার করা হয়। তেলের দাম বাড়ায় সংসারে বাড়তি ব্যয় হচ্ছে।
জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকার গৃহিণী তুলি আক্তার বলেন, প্রতিদিনের রান্নাবান্না ছাড়াও আত্মীয়স্বজন ও মেহমানদের আপ্যায়নের রান্নায় তেলের ব্যবহার হয়। ইচ্ছা থাকলেও তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়া যাচ্ছে না। ব্যয়ও কমানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রথম আলোকে বলেন, বাজারে ভোজ্যতেলের কিছুটা সংকটের অভিযোগ রয়েছে। ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতারা মিলে এ সংকট তৈরি করেছেন কি না, তা পর্যবেক্ষণে বাজার ও গুদামে অভিযান চালানো হবে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।