মানিকগঞ্জে দুদকের মামলায় আ.লীগ নেতাসহ দুজন কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম এবং মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের দুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে মানিকগঞ্জ পৌরসভার মাটি ভরাটের কাজ করেছিলেন আওয়ামী লীগ নেতা ও মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম। মাটি ভরাটের ওই কাজে অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে পরে দুদক পৃথক দুটি মামলা করে।
এর মধ্যে এক মামলায় আমিরুল ইসলামকে আসামি করা হয় এবং অপর মামলায় তৎকালীন পৌর কাউন্সিলর ইকবাল খানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এদিকে এ দুই মামলাতেই পৌরসভার মেয়র মো. রমজান আলীকে আসামি করা হয়। তবে রমজান আলী দুই মামলাতেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
এ বিষয়ে পৌর মেয়র মো. রমজান আলী বলেন, মামলা হওয়ার পর উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। ওই সময় আমিরুল ইসলাম ও ইকবাল খানকে জামিন নেওয়ার বিষয়ে তাগিদ দেওয়ার পরও তাঁরা সেটি আমলে নেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান বলেন, দুদকের করা মামলায় আদালত থেকে আমিরুল ইসলাম ও ইকবাল খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত সোমবার রাতে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। আসামিদের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।