মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে দুজন নিহত
মানিকগঞ্জ সদর উপজেলায় বড় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বালিটেক-বেড়িবাঁধ আঞ্চলিক সড়কের হাটিপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে আয়নাল হোসেন (৩৫) এবং একই উপজেলার বায়টা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিরাজ মিয়া (৩২)। তাঁরা দুজনই ওই ট্রাক্টরের শ্রমিক ছিলেন বলে জানান সদর থানার উপপরিদর্শক(এসআই) সোহেল রানা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খান আলম বলেন, রোববার সন্ধ্যা সাতটার দিকে জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গঙের চক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় খুঁটিচাপা পড়ে ঘটনাস্থলেই আয়নাল ও মিরাজ নিহত হন। দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।