মানিকগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম হারুন ব্যাপারী (৫৫)। তিনি উপজেলার নিহন্দ গ্রামের মৃত রুস্তম ব্যাপারীর ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় অটোরিকশার চালক ও আরেক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে হারুন শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে মাছ নিয়ে অটোরিকশায় করে সদর উপজেলার তরা বাজারে যাচ্ছিলেন। সকাল ছয়টার দিকে অটোরিকশাটি টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হারুন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।