মানিকগঞ্জে পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলার মানচিত্র

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আট দফা দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা এসব দাবি জানান।

শিক্ষকদের দাবির মধ্যে আছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ; পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি বেতন কাঠামো অনুযায়ী বাসাভাড়া ও চিকিৎসাভাতা প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তকরণ; শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন; করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা; শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা; শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সভাপতি লক্ষ্মী চ্যাটার্জি, সাধারণ সম্পাদক আবদুর রউফ, অধ্যক্ষ আবদুল করিম, অধ্যক্ষ দুলাল চন্দ্র রায়, প্রভাষক মো. ফিরোজ, প্রভাষক বলরাম চক্রবর্তী ও প্রভাষক বাসুদেব সাহা। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা।