মানিকগঞ্জে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাইকেলচালক নিহত
মানিকগঞ্জ সদর উপজেলায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক সাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গাজী রহিজ উদ্দিন (৬০)। তিনি সদরের নালড়া গ্রামের মৃত গাজী নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, আজ সকালে রহিজ উদ্দিন স্থানীয় বেতিলা বাজারে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বের হন। এ সময় তিনি কৃষ্ণতলা এলাকায় রাস্তা পার হওয়ায় সময় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রহিজকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।