মানিকগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের সদর উপজেলার মাদ্রাসাশিক্ষার্থী শরিফুল ইসলামকে হত্যার দায়ে সেলিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর আসামি সেলিমের শ্যালক মো. রাজুকে (৩০) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া সেলিম উপজেলার বার্তা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। বিচারকের রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে কারাদণ্ড পাওয়া আসামি রাজু মামলার শুরু থেকেই পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। এ ছাড়া মামলার আরেক আসামি সেলিমের স্ত্রী নাজমা বেগমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মজিদ ও শহিদুল ইসলাম। রায়ের প্রতি অসন্তুষ্টির কথা জানিয়ে শহিদুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ১২ ডিসেম্বর ধারালো অস্ত্র দিয়ে মাদ্রাসাশিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৯) গুরুতরভাবে জখম করা হয়। পরে শরিফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শরিফুলের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সেলিম হোসেন, তাঁর স্ত্রী নাজমা বেগম, শ্যালক মো. রাজুসহ মোট ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেন। বাকি চার আসামির মধ্যে একজন মারা গেছেন।