মানিকগঞ্জে মীর কাসেমের দাফন
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীকে কঠোর নিরাপত্তায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে দাফন করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাঁকে দাফন করা হয়।
দাফনের সময় মীর কাসেম আলীর পরিবারের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় গ্রামের আশপাশে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সেখানে যেতে অনুমতি দেননি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, চালা গ্রামের চার কিলোমিটার দূরে কলতা বাজারে গণমাধ্যমকর্মীদের আটকে দেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত ১০টার পর থেকে ওই সড়কে জরুরি যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে কাশিমপুর কারাগারে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
স্থানীয় লোকজন জানান, মীর কাসেম আলীর জন্মস্থান হরিরামপুরের সুতালড়ী ইউনিয়নের মুন্সীডাঙ্গী গ্রামে। বাবা তৈমুর আলীর চাকরির সুবাদে শিশুকালে তাঁরা চট্টগ্রামে চলে যান। মুন্সীডাঙ্গীর বাড়িটি নদীতে বিলীন হওয়ার পর প্রায় ২০ বছর আগে উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে ৫০ শতক জমি কেনেন মীর কাসেম। সেখানে বসতভিটা না থাকলেও দোতলা একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি। এই মসজিদের পশ্চিম পাশে লেবুবাগানে তাঁকে দাফন করা হয়েছে।
গায়েবানা জানাজা: গতকাল রোববার সকালে সাড়ে আটটার দিকে কবরস্থানের পাশে অবস্থিত মাদ্রাসা মাঠে মীর কাসেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও কিছু এলাকাবাসী।