মানিকগঞ্জে লকডাউনে চলাচল অনেকটাই স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার সকালে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কের চিত্র
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জে কঠোর লকডাউনের আজ রোববার ষষ্ঠ দিনে সড়কে মানুষ ও যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। দোকানপাট ও বাজারগুলোতে কেনাকাটা করতে মানুষের ভিড় দেখা গেছে। রাস্তাঘাটে ছোট ছোট যানবাহনের সংখ্যা ছিল গত কয়েক দিনের চেয়ে বেশি। স্থানীয় লোকজনের ভাষ্য, সব মিলিয়ে জেলায় লকডাউন কাগজে-কলমে, বাস্তবে এর কার্যকারিতা অনুপস্থিত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে দেশব্যাপী কঠোর লকডাউন আসছে। এ কারণে জনসাধারণের মধ্যে চলমান লকডাউনের বিধিনিষেধ মেনে না চলার প্রবণতা দেখা গেছে।

করোনার সংক্রমণ ও ভারতীয় ধরন বেড়ে যাওয়ায় ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সরকার গত মঙ্গলবার থেকে মানিকগঞ্জসহ আশপাশের সাতটি জেলায় লকডাউন ঘোষণা করে। সে অনুযায়ী, পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকলেও ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলা শহরে যাত্রীবাহী বিভিন্ন ছোট যানবাহন চলাচল করছে। শুধু জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলার কথা থাকলেও সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে।

সরেজমিনে আজ সকালে মানিকগঞ্জ শহরে প্রবেশদ্বার শহীদ সরণি ও জেলা শহরের প্রধান শহীদ রফিক সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা দেখা গেছে। বিভিন্ন বিপণিবিতান, পোশাকের দোকান, জুতা ও মনিহারি দোকানের আংশিক খোলা রেখে চলছে বেচাকেনা। ক্রেতাদের মধ্যে কেনাকাটার বেশ আগ্রহ লক্ষ করা যায়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, জেলা শহর বাজারসহ কয়েকটি বাজারে স্বাভাবিক সময়ের মতোই ক্রেতারা কেনাকাটা করেন। তাঁদের মধ্যে কেউ কেউ মাস্ক না পরেই কেনাকাটা করছেন। দোকানিদেরও কারও কারও মুখে মাস্ক ছিল না।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বাসিন্দা রজ্জব আলী বাসস্ট্যান্ড এলাকায় কাঁচাবাজার করতে আসেন। এ সময় তাঁর মুখে মাস্ক না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক পরেই বাড়ি থেইক্যা বাইর হইছি। রাস্তায় আসার পর তা ছিঁড়ে গ্যাছে।’


আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কেও বিধিনিষেধ অমান্য করে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে করে যাত্রী বহন করতে দেখা গেছে। অনেকের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। গাদাগাদি করে মানুষকে ছোট যানে গন্তব্যে ছুটতে দেখা যায়।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে বসে খাওয়া বন্ধ করা হয়েছে। শুধু প্যাকেটে করে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে নিয়মিত অভিযান চলছে।