মানিকগঞ্জে শনাক্ত ও মৃত্যু বাড়লেও চলাফেরা স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লডকাউনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষ। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার জয়রা সড়কে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে করোনায় শনাক্ত ও মৃত্যু—দুটোই বাড়ছে। তবে রাস্তাঘাটে মানুষের অবাধ চলাফেরা থেমে নেই। রাস্তাঘাটে বেড়েছে বিভিন্ন যানবাহন। সাধারণ মানুষ কঠোর বিধিনিষেধের তোয়াক্কা করছে না। বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের কার্যক্রম অনেকটাই শিথিল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ মাসের প্রথম ৫ দিনে জেলায় ১ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষায় ৮৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯২। এ ছাড়া এই ৫ দিনে করোনায় মারা গেছেন ১৫ জন।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের শহীদ রফিক সড়ক, শহীদ সরণি ও গার্লস স্কুল সড়কে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের সংখ্যা বেড়েছে। রাস্তাঘাটে মানুষ অবাধে চলাফেরা করছে। তাদের কারও কারও মুখে মাস্ক নেই। শারীরিক দূরত্বও মানা হচ্ছে না।

জেলা শহরের শহীদ রফিক সড়কে বিভিন্ন শপিং মল, বিপণিবিতান ও দোকানপাটের শাটার অর্ধেক খোলা রেখে দোকানিরা সড়কের পাশে বসে আছেন। তাঁরা ক্রেতাদের ডাকাডাকি করে দোকানের ভেতরে নিয়ে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করছেন।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা, রিকশা ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাসে করে যাত্রীরা চলাফেরা করছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহীদ রফিক সড়কের ‘মায়ের দোয়া’ নামের একটি বিপণিবিতানের কয়েকজন পোশাক ব্যবসায়ীকে সড়কের পাশে চেয়ারে বসে থাকতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘আর কত দিন দোকানপাট বন্ধ রাখব? আমাদের পরিবার আছে, সংসার আছে। সংসারের খরচ তো থেমে নেই।’

আরেক পোশাক ব্যবসায়ী বলেন, ‘এত দিন সঞ্চয়ের ট্যাকা বসে বসে খাইছি। হাত খালি, সংসারের বাজারসদাই করতে অইব। যদি দুই-চারটা জামা বেচি, তাতেও বাজারসদাইয়ের খরচ উঠব।’

ব্যাংক ও বিমা খোলা থাকায় এসব আর্থিক প্রতিষ্ঠানে লোকজনের যাতায়াত বেড়েছে। জেলা শহরে সোনালী ব্যাংক, জনতা ব্যাক, ইসলামী ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকে গ্রাহকদের কিছুটা ভিড় ছিল। কাঁচাবাজারেও স্বাভাবিক সময়ের মতোই ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেছে।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালেও ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে ৩১৩ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে করোনা ওয়ার্ডে পজিটিভ রোগী ১৪৯ ও আইসোলেশন জোনে ১৬৪ জন আছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, কঠোর বিধিনিষেধ দিলেই হবে না, তা পুরোপুরি মেনে চলা অপরিহার্য। জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংক্রমণ ও মৃত্যু—দুটোই বাড়ছে। তারপরও প্রয়োজনে ও অপ্রয়োজনে রাস্তাঘাটে লোকজন অবাধ চলাফেরা করছেন। এতে সংক্রমণ আরও বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়াটাই শ্রেয়।