মানিকগঞ্জে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাদণ্ড
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে চন্দ্র লাল অধিকারী (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী উপজেলার স্বরূপপুর গ্রামের বাসিন্দা। একই মামলায় খালাস পাওয়া দুজন হলেন একই গ্রামের আবুল চন্দ্র রায় ও নিমাই চন্দ্র রায়।

মামলার নথি থেকে জানা যায়, শত্রুতার জেরে ২০১২ সালের ১৫ অক্টোবর স্বরূপপুর গ্রামের বিমল মণ্ডল (৪০) নামের এক কাঠমিস্ত্রিকে মারধর করেন চন্দ্র লাল অধিকারীসহ তাঁর কয়েকজন সহযোগী। পরে গুরুতর আহত বিমলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পরের দিন নিহত বিমলের বাবা কুসাই মণ্ডল বাদী হয়ে চন্দ্র লাল, আবুল চন্দ্র রায় ও নিমাই চন্দ্র রায়কে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা আসামি চন্দ্র লাল অধিকারীর নামে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। শুনানি শেষে আজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আবুল চন্দ্র রায় ও নিমাই চন্দ্র রায়ের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নিরঞ্জন বসাক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ।