মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে সংক্রমণের মাত্রা কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। গত জুলাইয়ে সংক্রমণ ও মৃত্যু দুটিই উদ্বেগজনকভাবে বেড়ে যায়। জুলাই মাসে করোনায় ২ হাজার ৪১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের।

সূত্রটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৬টি উপজেলায় ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এ সময় সদরে ৯২ জন, ঘিওরে ৩১ জন, শিবালয়ে ২০ জন, সিঙ্গাইরে ৩ জন, সাটুরিয়ায় ৩১ জন, হরিরামপুরে ১০ জন ও দৌলতপুরে ১২ জন রোগী শনাক্ত হয়েছেন।

সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬০৫। তাঁদের মধ্যে ৩ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, চলমান বিধিনিষেধেও লোকজন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছে। তারা মাস্ক ব্যবহার করছে না ও স্বাস্থ্যবিধি মানছে না। গ্রামের মানুষের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি। এ ছাড়া করোনার উপসর্গ দেখা দিলেও গ্রামের অনেকে নমুনা পরীক্ষা করে না। এসব কারণে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।