মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬০ জন
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হলো। এ দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৪৭। আজ রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রওনক মাশরাফি।
করোনায় মারা যাওয়া ওই বৃদ্ধা (৯২) জেলা সদরের ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর বাড়ি সিঙ্গাইর উপজেলায়।
চিকিৎসকেরা বলেন, গত মঙ্গলবার সকালে তিনি জ্বর ও সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। ওই দিন নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত ৬০ জনসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৮৭। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদরের ৩৩ জন, সাটুরিয়ার ৪, ঘিওরের ৬, সিঙ্গাইরের ৯, শিবালয়ের ৩ ও হরিরামপুরের ৫ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ হাজার ১২৭ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার বিষয়ে সবাইকে পরামর্শ দেন তিনি।