মানিকগঞ্জের ছয় উপজেলায় বন্যা, দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। তাই ঘরের মালামাল ও আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রামে। ছবি: প্রথম আলো
বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। তাই ঘরের মালামাল ও আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রামে। ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সাতটি উপজেলার মধ্যে ছয়টিই বন্যায় প্লাবিত হয়েছে। এসব উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এখন পানির নিচে। এতে দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে বন্যা শুরু হওয়ায় বানভাসি মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গত পাঁচ দিন সরেজমিনে জেলার বন্যাকবলিত চারটি উপজেলায় মানুষের দুর্দশার এ ভয়াবহ চিত্র পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে জেলার শাখা নদীর পানি দ্রুত হারে বাড়ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ সকালে জেলার কালীগঙ্গা নদীর পানি বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি উপজেলার মধ্যে দৌলতপুর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, সদর ও সাটুরিয়া উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে যমুনাতীরের দৌলতপুর ও শিবালয় এবং পদ্মাতীরের হরিরামপুর উপজেলার পরিস্থিতি বেশি খারাপ। এক সপ্তাহ ধরে এই তিন উপজেলায় প্রচুর বন্যার পানি উঠে পড়ে। এখনো হরিরামপুর উপজেলার প্রধান সড়ক, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি রয়েছে।

জেলার কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে। এ কারণে গত সোমবার থেকে ঘিওর, জেলা সদর ও সাটুরিয়া উপজেলায় বন্যা দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়ে পড়ছে।

হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অসংখ্য বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। এসব এলাকার মানুষ খাবার, বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় প্রায় ২৭১ বর্গকিলোমিটার এলাকায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় বন্যায় প্রায় ৩১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ২৭ হাজার ৭৪ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য ১০৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে হরিরামপুরে ১৭৮টি পরিবার ও দৌলতপুরে ৬০টি পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার দিঘি, ছুটি ভাটবাউর, ভাটবাউর, নতুন বসতি ও পিতলাই গ্রাম ঘুরে দেখা গেছে, এসব এলাকার নিচু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বাড়ির মালামাল ও গবাদিপশু নিয়ে অনেকেই চরম বিপাকে পড়েছেন।

বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রামের বাসিন্দা আচান শিকদারকে (৪০) এবং দিঘি গ্রামের আদম আলীকে মালামাল নৌকায় করে অন্যত্র সরিয়ে নিতে দেখা যায়। এ সময় আচান শিকদার বলেন, ‘ঘরের ভেতর পানি ওঠে গেছে। কামকাইজ নাই, তারপরও পানি থেইক্যা বাঁচার লেইগ্যা অন্যহানে ঘরভাড়া নিচি। আমাগো কষ্টের কথা কে হুনব?’

বসতঘর পানিতে তলিয়ে যাওয়ায় নতুন বসতি গ্রামের বাসিন্দা বাসচালক হাফিজ উদ্দিনও মালামাল নিয়ে অন্যত্র চলে এসেছেন। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘করোনায় আয়রোজগার নাই বললেই চলে। নতুন করে বন্যায় এখন বউ-পোলাপান নিয়া মরার দশা।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, এ পর্যন্ত বন্যাকবলিত মানুষের মধ্যে ১৩০ মেট্রিক টন চাল ও ১ হাজার ৭০০ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বানভাসি মানুষের জন্য আরও এক হাজার মেট্রিক টন চাল, ৫০ লাখ টাকা ও দুই হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ রয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।