মানুষ গণ-অভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে: সেলিম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশের মানুষের জীবনযাত্রায় এখন যে অচলাবস্থা চলছে, ক্ষমতাসীনদের লুটপাটই এর জন্য দায়ী। মানুষ এখন গণ-অভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে।’
সিলেটের বিয়ানীবাজারে আজ রোববার বিকেলে এক পথসভায় এসব কথা বলেন সিপিবির এই জ্যেষ্ঠ নেতা। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী আবুল কাশেমের পক্ষে ওই পথসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুজাহিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীনেরা আজ জনসমর্থন হারিয়েছে। অথচ গোষ্ঠীগত লুটপাটের স্বার্থে এবং কৃত অপরাধের বিচার থেকে রেহাই পেতে তারা জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছে। এ সময় তিনি যুক্ত করেন, গণতন্ত্রকে আজ হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।
সভায় কমিউনিস্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার সহসভাপতি মাছুম আহমদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মেয়র পদে সিপিবির প্রার্থী আবুল কাশেম, বিয়ানীবাজার মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ প্রমুখ।
মুজাহিদুল ইসলাম বলেন, রাজনীতি এখন সঠিক জায়গায় নেই। সর্বত্র সিন্ডিকেটের দাপট। সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। ধনী শ্রেণি নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর সরকারও এই শ্রেণিকে তোষণ (খুশি করা) করে দেশ পরিচালনা করছে।বিয়ানীবাজারের সাধারণ মানুষের ভাগ্য বদল করতে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান সিপিবির এই নেতা।