মানুষ মানুষের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ​সক ও সেবিকারা পরম মমতায় আগলে রাখছেন শিশুটিকে l জুয়েল শীল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ​সক ও সেবিকারা পরম মমতায় আগলে রাখছেন শিশুটিকে l জুয়েল শীল

এখনো তার নাম রাখা হয়নি। কেউ ডাকে ‘বাবু, কেউ বলে ‘খুকি’, আদর করে কেউবা বলে ‘মা-মণি’। বয়স সবে দেড় মাস। এর মধ্যে বড় একটা অস্ত্রোপচার হয়েছে, আরও কত ঘটনাই না ঘটে চলছে তাকে নিয়ে। তবে এক মাস ধরে চিকিৎসক-সেবিকাদের যত্ন, স্নেহ ও সেবায় এখন ভালোই আছে সে।
২৫ জুলাই বেলা আড়াইটা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের চারতলা। সেখানে অপারেশন থিয়েটার কক্ষের পাশের বারান্দার মেঝেতে কাপড়ে জড়ানো এক নবজাতক অনবরত কেঁদে চলেছে। ছোট্ট বাবুকে একাকী ফেলে রাখা হয়েছে—এটি নিশ্চিত হওয়ার পর শিক্ষানবিশ এক চিকিৎসক তাকে শিশু সার্জারি বিভাগে নিয়ে যান। তখন তার বয়স দুই সপ্তাহও পেরোয়নি। এরপর থেকে সে হাসপাতালেই আছে। কেউ আর তার খোঁজ নিতে আসেনি। তার আপন হয়ে উঠেছেন হাসপাতালের সেবিকা ও চিকিৎসকেরা।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বানু জানান, শিশুটির জন্মগত বেশ কিছু ত্রুটি রয়েছে। সে মেনিনগোমায়োলোসিও সমস্যায় ভুগছে। তার মেরুদণ্ড তৈরি হয়নি। দুই পা পক্ষাঘাতগ্রস্ত। এ জন্য বোঝা মনে করে কেউ শিশুটিকে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায়।
তাহমিনা বানু জানান, ১০ আগস্ট শিশুটির পিঠে অস্ত্রোপচার হয়েছে। এখন সে সুস্থ আছে। তবে তার কিছু শারীরিক ত্রুটি সারবে না।
গতকাল শিশু সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, সেবিকাদের কক্ষে টেবিলের ওপর বিছানা পেতে রাখা হয়েছে শিশুটিকে। কাজের ফাঁকে চিকিৎসকেরা এসে দেখে যাচ্ছেন তাকে। অবসর পেলে সেবিকাদের কেউ তার জামাকাপড় পরিষ্কার করছেন। শিশুটির মায়ের অভাব তাঁরা দূর করছেন মাতৃস্নেহে। তবে কষ্টও আছে তাঁদের। মা কাছে না থাকায় বাধ্য হয়ে শিশুটিকে বিকল্প দুধ খাওয়াতে হচ্ছে।
গতকাল দুপুরে কথা হয় সেবিকা অঞ্জু রানী দের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা পালা করে কাজ করি। আমরা যাওয়ার পর অন্য পালার লোকজন দায়িত্ব পালন করতে আসবে। তারাও শিশুটিকে আদর-যত্ন দিয়ে বড় করছে।’
হাসপাতাল সূত্র জানায়, ২৫ জুলাই শিশুটির ওজন ছিল ১ দশমিক ৯ কেজি। গতকাল চিকিৎসকেরা আবার তার ওজন মাপেন। এখন তার ওজন পৌনে চার কেজি। চিকিৎসকেরা শিশুটির জন্য খাবার ও ওষুধের ব্যবস্থা করছেন।
অস্ত্রোপচারের সময় শিশুটির অভিভাবক হন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি। তিনি বলেন, ‘আমরা শিশুটিকে সেবা দিয়ে বড় করে তুলছি। কিন্তু এভাবে কত দিন পারব বলতে পারছি না। হাসপাতালে রেখে তো এভাবে শিশু বড় করা যায় না।’