মানুষ যেন অবাধে ভোট দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা l প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা l প্রথম আলো
১৪ ডিসেম্বর ২০১৬, প্রথম আলোর আয়োজনে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: আশা ও শঙ্কা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চার মেয়র পদপ্রার্থী, একাধিক কাউন্সিলর প্রার্থীর পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সবাই সিটি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তৃতীয় পক্ষ যাতে নির্বাচনে কোনো অঘটন না ঘটাতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের সক্রিয় ভূমিকা চান তাঁরা। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে স্বাগত বক্তব্য দেন পরামর্শক সম্পাদক কামাল আহমেদ।
সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

উন্নয়ন হয়েছে কি না জনগণই বিচার করবে
সেলিনা হায়াৎ আইভী
আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত ভাই (সাখাওয়াত হোসেন খান) অনেকগুলো অভিযোগ করেছেন। কিন্তু তাঁর জানার জন্য বলছি, সিটি করপোরেশনের বয়স ১৩ বছর না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্ম ৫ মে, ২০১১ সালে। সে অনুযায়ী সিটি করপোরেশনের বয়স মাত্র ৫ বছর। যিনি কাজ করেন, তাঁর ব্যর্থতা-সফলতা থাকবেই। তবে নারায়ণগঞ্জের উন্নয়নকাজ সিকি ভাগ হয়েছে না শতভাগ, সেটা জনগণই বলবে। সাখাওয়াত ভাই যে রাস্তা দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন, সেই রাস্তাটাও সিটি করপোরেশনের তৈরি করা।
সাখাওয়াত ভাই হোল্ডিং ট্যাক্সের কথা বলেছেন। তাঁকে জিজ্ঞেস করতে চাই, তাঁর বাড়ির হোল্ডিং ট্যাক্স কতটা বেড়েছে? আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না যে হোল্ডিং ট্যাক্স বাড়াব না। তদ্রূপ হোল্ডিং ট্যাক্স কমানোরও প্রতিশ্রুতি দিইনি। হোল্ডিং ট্যাক্স হাজার গুণ বেড়েছে—এই অভিযোগ ঠিক নয়। সরকার এবার নিয়ম করেছে, সারা দেশে হোল্ডিং ট্যাক্স ১৭ শতাংশ বাড়ানোর, তার সঙ্গে আরও ৩ শতাংশ বাতিকর যোগ হয়ে ২০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মানুষ ট্যাক্স পরিশোধ করতেন না, যার কারণে নতুনভাবে কর পরিশোধ করায় তাদের কাছে কিছুটা বেশি মনে হচ্ছে। তবে তাঁরা স্বেচ্ছায় কর পরিশোধ করছেন। ট্যাক্স কমানোর সুযোগ নেই। ২০০৯ সালের আইনে বলা হয়েছে, ৭৫ শতাংশ ট্যাক্স আদায় না হলে সরকার চাইলে যেকোনো সময় এই সিটি করপোরেশনের পরিষদ বা পৌরসভার পরিষদ ভেঙে দিতে পারবে।

আইন অনুযায়ী ব্যবসায়ীদের ট্যাক্স বাড়ানো-কমানোর এখতিয়ার সিটি করপোরেশনের নয়। এটা সরকার ঠিক করে দিয়েছে। এ নিয়ে সারা ঢাকাসহ সারা দেশের ব্যবসায়ীরা আন্দোলন করেছেন। পরে নতুন করে একটা হার নির্ধারিত হয়েছে। সুতরাং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি বাড়ানো-কমানোর দায় সিটি করপোরেশনের ওপর চাপানো ঠিক হবে না।

আমি সরকারি দলের প্রার্থী হলেও কোনো সুযোগ-সুবিধা নিইনি, কখনো নেব না। সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি থানায় গিয়েছিলেন, মামলা নেয়নি। উনি যদি একবার আমাকে বলতেন, দেখতেন আমি কী করতাম। আমার কোনো নেতা-কর্মী এ ধরনের কাজ করতে পারে না। কারণ আমি সন্ত্রাসী লালন-পালন করি না। আমার কোনো বাহিনীও নেই। এখানেও এসেছি একা। সুতরাং যদি কেউ কখনো আমার পেছনে থেকে ক্ষতি করতে চান, যদি পরিবেশ নষ্ট করার জন্য কিছু করে থাকেন, তাহলে সরাসরি আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। সাখাওয়াত ভাই অতীতের নির্বাচনের কথা বলেছেন। কিন্তু সেই নির্বাচনে বন্দর ও সদর উপজেলায় তাদের প্রার্থী জয়লাভ করেছেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবপুর, গোগনগরসহবিভিন্ন ইউনিয়নেও বিএনপি প্রার্থীরা পাস করেছেন। আরও পেছনে গেলে পাঁচটি সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। জয়লাভ করলে নির্বাচন সুষ্ঠু হয়, জয়লাভ না করলেই সুষ্ঠু হয় না, এই ধারণা ঠিক নয়।

আমি কখনো দলবাজি প্রশ্রয় দিইনি। সাখাওয়াত ভাই বলেছেন, আমার সঙ্গে কোনো দলীয় নেতা-কর্মী যান না। তাহলে দলবাজি করলাম কীভাবে? আর গত পাঁচ বছর সিটি করপোরেশন একেবারে নিরপেক্ষ ছিল। কোনো দলীয়করণ ছিল না।

ট্যাক্সের বিষয়ে বলব, উন্নত বিশ্বে এমন কোনো সিটি করপোরেশন নেই যে তাদের নিজস্ব অর্থায়নের ব্যবস্থা নেই। একটা সিটি করপোরেশন সব ধরনের ব্যবসা করবে এবং নাগরিক সুবিধা দেবে। তখনই ট্যাক্স কমানো যাবে যখন সিটি করপোরেশনের আর্থিক সচ্ছলতা থাকবে। নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প–কারখানায় যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের বেশির ভাগেরই বাস সিটি করপোরেশন এলাকার বাইরে। এখন শ্রমিকদের সুবিধা দিতে হলে সিটি করপোরেশন সম্প্রসারণ করতে হবে। এমনকি জেলা প্রশাসকের অফিসটিও সিটি করপোরেশন এলাকার বাইরে। আমরা এটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সাবেক জেলা প্রশাসক মামলা করে সেটা করতে দেননি।

যখন সিটি করপোরেশন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন হাসপাতাল করে দেওয়া হবে। এমনিতে সিটি করপোরেশনের অধীনে বিদেশি সংস্থার সহায়তায় চারটি ক্লিনিক করা হয়েছে। আমরা চাইলেই মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় করতে পারব না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। সিটি করপোরেশনের দায়িত্ব নগরবাসীর জন্য খেলার মাঠ, জলাশয় ও খালগুলো দখলমুক্ত করা, সেটি আমরা সাধ্যমতো করছি। সিটি করপোরেশনে বেশি খোলা জায়গা নেই। সরকারি খাস জায়গাগুলোও প্রভাবশালী মহল, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলো দখল করে রেখেছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যদি মনে করে, সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন, তারা করতে পারে। তারা যেকোনো বাহিনী নিয়ে আসতে পারে। ইসিকে আরও শক্তিশালী ভূমিকা পালন করার জন্য বলব। আমার দুটি ক্যাম্প ভেঙে দিয়েছে। ওই ক্যাম্প আমার অনুমতি ছাড়া বানানো হয়েছিল। এ ছাড়া ২৭টি ওয়ার্ডে মাইকিংয়ের সুযোগ থাকা সত্ত্বেও আমি মাইকিং করছি না। কারণ আমি একটা মাইক দেব, তখন দেখা যাবে উৎসাহী হয়ে অনেকে আরও মাইকিং করবে।

সিদ্ধিরগঞ্জ ও বন্দর দুই পৌরসভা নতুন যুক্ত হয়েছে। সেখানে গত ৪০ বছরে কোনো উন্নয়ন হয়নি, এবারে যে কাজ করা হয়েছে। তবে এটা সত্যি, ৬০ থেকে ৬৫ ভাগ কাজ হয়েছে, সব কাজ করা হয়নি। সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা রয়েছে। ৫০ বছরের সমস্যা ৫ বছরে শেষ করা সম্ভব না। সেখানকার জলাবদ্ধতাও ডিএনডি এলাকার প্রকল্প বাস্তবায়ন হলে দূর হয়ে যাবে। বিগত ৫ বছর কাজ করেছি। জনগণ বিচার করবে। আমি জনগণের রায় মাথা পেতে নেব। আমি রাজনীতি করি, সিটি করপোরেশন পরিচালনা করেছি, এর আগে পৌরসভায় কাজ করেছি। এটি আমার ব্রত, পেশা নয়।

২২ তারিখ সাখাওয়াত সাহেব জিতলে আমি তাঁকে সবার আগে স্বাগত ও শুভেচ্ছা জানাব। আর আমি জিতলে তিনি আমার বাসায় আসবেন, তাঁকে প্রথম মিষ্টি খাওয়াব, এটাই আশা করি।

মো. সাখাওয়াত হোসেন খান
মো. সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জের কোনো উন্নয়ন হয়নি
মো. সাখাওয়াত হোসেন খান
আমি সব সময় ক্লিন ইমেজ ধরে রাখার চেষ্টা করেছি। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কথা বলেছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এটাই প্রত্যাশা। আমি কোনো অপকর্ম করব না। যতটুকু সহযোগিতা করার চেষ্টা করব।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিগত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে কি না, সেটা নিয়ে শঙ্কা আছে। কতগুলো নির্বাচনে মানুষ ভোটই দিতে পারেনি। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণও ভোট চাইতে গেলে জিজ্ঞাসা করে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারব কি না। এ জন্য নির্বাচন কমিশনকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ তার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবে। এই নির্বাচন কমিশনের অধীনে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই নির্বাচনেও পেশিশক্তি ব্যবহার করা হতে পারে। নির্বাচন-পরবর্তী সময়ে যাতে একটা মানুষের গায়েও টোকা না লাগে, সেটি খেয়াল রাখতে হবে। এই নির্বাচনে জনগণ ভোটের অধিকার ফিরে পাবেন আশা করি।
তবে আমাদের আশঙ্কাও আছে। প্রতীক বরাদ্দের দিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ১৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। বিগত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (সেলিনা হায়াৎ আইভীর) ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি তখন সেনা মোতায়েনের দাবি করেছিলেন। এখন না করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। অন্য নির্বাচনের মতো এই নির্বাচনেও সরকারি দলের প্রভাব বিস্তার করা হচ্ছে। এই নির্বাচনে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, বিএনপির কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ১৩ ডিসেম্বর দেওভোগ এলাকায় আমার সমর্থকেরা পোস্টার লাগাতে গেলে সেখানকার সরকারি দলের প্রার্থীর সমর্থকেরা এক কর্মীকে আঘাত করে। পরে থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি, বরং বলা হয়েছে মামলা নিলে ওসির চাকরি থাকবে না। তাই এখনো নির্বাচনে আস্থার জায়গা তৈরি হয়নি।

বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে অবহেলিত। নগরীর মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেক জায়গায় ব্রিজ হয় প্রয়োজন না থাকলেও, কিন্তু শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে লক্ষাধিক মানুষ চলাচল করলেও সেখানে কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। গত পাঁচ বছরে নগরীর হোল্ডিং ট্যাক্স হাজার গুণ বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে হাজার হাজার মানুষ ব্যবসা করেন। তাঁদের ট্রেড লাইসেন্স ৫০০-৬০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা করা হয়েছে। কোনো ক্ষেত্রে আরও বেশি হয়েছে।

নারায়ণগঞ্জে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে অনেকে নারায়ণগঞ্জে ব্যবসা করলেও সন্তানদের পড়ালেখার জন্য ঢাকায় বসবাস করেন। নারায়ণগঞ্জে লক্ষাধিক শ্রমিক, কর্মজীবী মানুষ বসবাস করেন। তাঁদের জন্য হোস্টেল নেই। কর্মজীবীদের জন্য হাসপাতাল নেই। আর এগুলো করার জন্য উদ্যোগ নেই। কিন্তু সিটি করপোরেশন উদ্যোগ নিলেই এগুলো করা সম্ভব। নারায়ণগঞ্জের জনসংখ্যা অনুযায়ী রাস্তা নেই। রাস্তা প্রশস্ত করা দরকার। ফুটওভারব্রিজ ও ওভারব্রিজ করা দরকার, যা বিগত ১৩ বছরেও হয়নি।

নারায়ণগঞ্জ ধুলাবালু ও ময়লার শহরে পরিণত হয়েছে। এগুলো সিটি করপোরেশনের দেখা উচিত। মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসীর জন্য নারায়ণগঞ্জ কলঙ্কিত হয়েছে। মাদক ও সন্ত্রাস নারায়ণগঞ্জের প্রধান সমস্যা। এসবের জন্য দলমত-নির্বিশেষে নাগরিক ঐক্য গড়ে তোলা হবে। সামাজিকভাবে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলতে হবে। সব ধর্মের মানুষ যাতে সমান সুযোগ-সুবিধা নিয়ে বাস করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। অতীতের দুর্নাম মুছে দিয়ে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে।

আরেকটি কথা বলব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্যবসাপ্রতিষ্ঠান হতে পারে না। গত ১৩ বছর সিটি করপোরেশনকে ব্যবসাকেন্দ্র করা হয়েছে। মার্কেট, অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে। এগুলো বিক্রির ক্ষেত্রে স্বজনপ্রীতি হয়েছে। নিজস্ব লোকদের বরাদ্দ দেওয়া হয়েছে। কমিউনিটি সেন্টার করা উচিত ছিল। এসব অ্যাপার্টমেন্ট ব্যবসার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি।

নারায়ণগঞ্জে হাজারের ওপরে বৈধ অস্ত্র আছে, কিন্তু জমা নেওয়া হয়নি। অন্যান্য নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সরকার এখন পর্যন্ত ভীতির পরিবেশ দূর করেনি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর প্রতিশ্রুতির সিকি ভাগও পূরণ করতে পারেননি।

মাহবুবুর রহমান ইসমাইল
মাহবুবুর রহমান ইসমাইল

বারুদের স্তূপের মধ্যে নির্বাচন করছি
মাহবুবুর রহমান ইসমাইল
নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। ইসি সরকারের আজ্ঞাবহ আর সরকারের প্রতীক ‘নৌকা’। এ কারণেই নানা শঙ্কা। এই নির্বাচন কমিশনের অধীনে ইউপি নির্বাচনে ২৫০ জনের প্রাণহানি হয়েছে। সে দিক থেকে আমরা নারায়ণগঞ্জে বারুদের স্তূপের মধ্যে নির্বাচন করছি। যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে, যা চিন্তা করা যাচ্ছে না। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। যদিও নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে।
আমি নির্বাচিত হলে নগরীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সিটি করপোরেশন বিনা মূল্যে পড়াবে। তারা যত দূর পর্যন্ত পড়তে চায়, তত দূর পর্যন্ত পড়ানো হবে।

মুফতি মাসুম বিল্লাহ
মুফতি মাসুম বিল্লাহ

নির্বাচন কমিশন শঙ্কা দূর করেনি
মুফতি মাসুম বিল্লাহ
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন যে মতবিনিময় সভা ডেকেছিল, সেখানেও আমরা শঙ্কার কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি এড়িয়ে গেছে। কমিশন কেবল তাদের কথাই বলেছে। আমাদের শঙ্কার বিষয়ে কিছু বলেনি।
নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট নয়। বড় কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। ২৭টি ওয়ার্ডে নির্বাচন কমিশন থেকে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে হবে। সবাইকে সমান সুযোগ দিতে হবে। গত ১১ ডিসেম্বর ইসলামী আন্দোলনের প্রধান ২৩ নম্বর ওয়ার্ডে এসেছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তাঁকে সভা করতে দেননি। এটা অন্যায় করা হয়েছে।

ফজলুল হক
ফজলুল হক

মেয়র পদে ভালো প্রার্থী পেয়েছি
ফজলুল হক
নারায়ণগঞ্জে অনেক কিছু ভালো আছে। দেশের চারটি প্রধান রপ্তানিমুখী শিল্পাঞ্চলের একটি নারায়ণগঞ্জ। কিন্তু গণমাধ্যমে কেবল এখনকার সন্ত্রাস, খুন-গুমের খবরই বেশি আসে।
নারায়ণগঞ্জের সফলতা নিয়ে গণমাধ্যমে তেমন কথা হয় না, এটা দুঃখজনক। এখনো পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ ভালো। তবে নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত এই অবস্থানে থাকতে হবে। তা ছাড়া কাউন্সিলর পদপ্রার্থীদের বিষয়টি আলোচনায় আসতে হবে। তাঁদের নিয়েই শঙ্কা রয়েছে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, যেটা এখনো দেখা যাচ্ছে না।

নারায়ণগঞ্জের মেয়র পদপ্রার্থীরা ভালো। এ জন্য তাঁদের ধন্যবাদ দিতে হয়। কিন্তু কাউন্সিলর প্রার্থীদের চরিত্র কেমন সেটি হয়তো ভোটের দিন জানা যাবে।

মাহবুবুর রহমান মাসুম
মাহবুবুর রহমান মাসুম

অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে
মাহবুবুর রহমান মাসুম
বড় দুটি রাজনৈতিক দলকে নিয়ে শঙ্কিত। দুই দলের সন্ত্রাসী ও গডফাদাররা নির্বাচন নষ্ট করে দিতে পারে। তাই নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা নিতে হবে।
নারায়ণগঞ্জকে এখনো প্রভাবশালী গোষ্ঠী ও গডফাদাররা দাবিয়ে বেড়াচ্ছে। এবারের নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া প্রার্থীরা ভালো। সহনশীল। কিন্তু গডফাদাররা ডানা মেলতে পারে। দলগুলো এদের নিয়ন্ত্রণ করতে না পারলে শঙ্কার কারণ আছে। নির্বাচন কমিশনকে এখনই মাঠে নামতে হবে। নারায়ণগঞ্জের মানুষকেও সতর্ক থাকতে হবে। গডফাদারদের স্থান এখানে হবে না। গডফাদাররা যতই অভিনয় করুক না কেন, তাদের চেহারা চরিত্র বদলাবে না।

এ বি সিদ্দিক
এ বি সিদ্দিক

ইসির শক্ত ভূমিকা চাই
এ বি সিদ্দিক
এখনো পর্যন্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশ রয়েছে। মেয়র পদপ্রার্থীরা ঠিক থাকলেও কাউন্সিলরদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এ জন্য নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। এ নির্বাচন ভালো হলে গণতন্ত্রের সুবাতাস জাতীয় নির্বাচনে ছড়িয়ে পড়বে। আশা করি ভোট সুন্দর হবে। ভোটারদের রায়ের প্রতিফলন ঘটবে।

আবদুস সালাম
আবদুস সালাম

অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না
আবদুস সালাম
হত্যাসহ বিভিন্ন মামলার আসামিরা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁদের নিয়ে আমরা শঙ্কিত আছি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ নিয়ে উদ্বেগের কারণ অনেক বেশি। শেষ পর্যন্ত কতটা সুষ্ঠু নির্বাচন হবে, তা নিয়ে শঙ্কার কারণ আছে। ২৭ জন ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন। কিন্তু মাত্র ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কমিশনে শতাধিক অভিযোগ পড়েছে, কিন্তু আমলে নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের আচরণ নিয়ে শঙ্কায় আছি। আমার কাছে মনে হয় না নির্বাচন সুষ্ঠু হবে। কাউন্সিলর পদে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে। তাঁদের মধ্যে কেউ একজন যে ভবিষ্যতে নূর হোসেন হবেন না, তার কী নিশ্চয়তা আছে?

আহসানুল করিম চৌধুরী
আহসানুল করিম চৌধুরী

কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়েই ভয়
আহসানুল করিম চৌধুরী
আশার কথা হলো, এই নির্বাচনে অংশ নেওয়া মেয়র পদপ্রার্থীরা সজ্জন মানুষ। তাঁদের সম্পর্কে দুর্নাম নেই। কিন্তু ভয়টা কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে। কেননা, অনেক বিতর্কিত মানুষ এই পদে নির্বাচন করছেন। আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল কোর্ট সম্ভবত সবকিছু দেখছেন না। নির্বাচন কমিশনের কাজেও পুরোপুরি সন্তুষ্ট হওয়া যায় না। তারা কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় না। যদি তারা এটা করতে পারে, তবে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। আমার প্রত্যাশা, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন।

অসিত বরণ বিশ্বাস
অসিত বরণ বিশ্বাস

টাকা ও ধর্মের ব্যবহার বন্ধ করুন
অসিত বরণ বিশ্বাস
নির্বাচন কমিশন কতটা সফল আর কতটা ব্যর্থ, তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ এর প্রতিফলন দেখতে পাবে।
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা মেয়র বা কাউন্সিলর হওয়াকে পার্টটাইম কাজ মনে করেন। তাঁদের প্রথম কাজ হয় ব্যবসা। প্রতিনিধিরা দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা থাকে না। নারায়ণগঞ্জের নির্বাচনে টাকা ও ধর্মের অপব্যবহার হচ্ছে। এটা বন্ধ করা দরকার। ইসির কাজকর্ম সন্তোষজনক নয়। নির্বাচনে নানা অনিয়মের রাশ এখনই টানতে না পারলে ভোটের দিন সংঘাত হতে পারে।

আবদুর রহমান
আবদুর রহমান

কাদা ছোড়াছুড়ি চলছে
আবদুর রহমান
মেয়র পদপ্রার্থীদের মধ্যে কেউ কেউ কাদা ছোড়াছুড়ি করছেন। এটা ভালো হচ্ছে না। কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে অনেকে হত্যা, মাদক ও বোমা মামলার আসামি। পুলিশ ও প্রশাসন সঠিকভাবে কাজ না করলে নির্বাচনে বাধা সৃষ্টি হবে।

পপি রানি সরকার
পপি রানি সরকার

ভয়ভীতি দেখানো হচ্ছে
পপি রানি সরকার
ভোট চাইতে গেলে অনেক ভোটার বলছেন, ‘৫০০ টাকা দেন, তাহলে ভোট দেব।’ ভোটাররা হয়তো আরও অনেক প্রার্থীর কাছেই টাকা চাইছেন।
আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন নির্বাচন করছি, তা জানতে চেয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থকদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারছি না। তাদের সে ধরনের কোনো পদক্ষেপ দেখছি না যে মনে হতে পারে নির্বাচন সুষ্ঠু হবে।

লক্ষ্মীরানী চক্রবর্তী
লক্ষ্মীরানী চক্রবর্তী

মানুষ গডফাদারদের দেখতে​ চায় না
লক্ষ্মীরানী চক্রবর্তী
নারায়ণগঞ্জ সন্ত্রাসীদের জায়গা বলে চিহ্নিত করা হয়। নির্বাচন নিয়ে যেন কোনো কারচুপি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নারায়ণগঞ্জকে বসবাসের উপযোগী করতে হবে। এখানে মানুষ গডফাদারদের দেখতে চায় না।

ফরিদা আক্তার
ফরিদা আক্তার

খারাপ কিছু হবে না
ফরিদা আক্তার
আমি মনে করি না নির্বাচনে খারাপ কিছু হবে। সরকারের চেষ্টা আছে একটা ভালো নির্বাচন করার। নারায়ণগঞ্জ নিয়ে মানুষের খারাপ ধারণা আছে। আশা করি এই নির্বাচনের মাধ্যমে তা দূর হবে। তবে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হতে হবে।

রফিউর রাব্বি
রফিউর রাব্বি

নারায়ণগঞ্জের মানুষ এখনো শঙ্কায় আছে
রফিউর রাব্বি
সরকার ও নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে জনগণ নির্বাচনী ব্যবস্থার প্রতিই অনেকটা আস্থা হারিয়ে ফেলেছে। প্রার্থীরা কেউ উন্নয়নের প্রতিশ্রুতি দেন না। একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেন। এটি আওয়ামী লীগ–বিএনপির নির্বাচনে পরিণত হয়েছে, যা হওয়ার কথা ছিল না। তাই নির্বাচন নিয়ে একধরনের শঙ্কা ও অনীহা তৈরি হয়েছে। এই নির্বাচন কমিশনের প্রথম দিকের নির্বাচনগুলো ছিল প্রশংসনীয়, কিন্তু এর পরবর্তী সময়ের নির্বাচনগুলোর কারণে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখন নির্বাচন কমিশন নয়, সরকারের ওপরই নির্ভর করছে সুষ্ঠু নির্বাচন হবে কি না। সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সন্ত্রাস ও গডফাদারদের থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। সেই মানুষগুলো এখনো আছে। প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে, যাতে করে নির্বাচনের সময় কেউ ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল না করতে পারে। সাত খুনের মামলায় অভিযুক্ত, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ীরাও কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। এসব কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনমনে শঙ্কা থাকবেই।

এ ছাড়া বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। নির্বাচন কমিশন এখন ঠুঁটো জগন্নাথ। তারা কিছু করতে পারবে না। দেখতে হবে সরকার সুষ্ঠু নির্বাচন চায় কি না। ৫ বছর আগে সন্ত্রাসের বিরুদ্ধে ভোটাররা রায় দিয়েছিল। কিন্তু সেই সন্ত্রাস থেকে এখনো বের হওয়া যায়নি। এখনো তাঁরা কূটকৌশল চালিয়ে যাচ্ছে। তবে নারায়ণগঞ্জের মানুষ সচেতন থাকলে কোনো কুটকৌশলই কাজে লাগবে না।

ভোট গ্রহণ            :    ২২ ডিসেম্বর ২০১৬

মোট ভোটার          :    ৪,৭৪,৯৩১ জন

ওয়ার্ড সংখ্যা          :    ২৭টি

মেয়র প্রার্থী           :    ৭ জন

কাউ​ন্সিলর প্রার্থী       :    ১৫৬ জন

সংর​ক্ষিত নারী প্রার্থী  :    ৩৮ জন

যাঁরা অংশ নিলেন

সেলিনা হায়াৎ আইভী        : আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী

মো. সাখাওয়াত হোসেন খান : বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী

মাহবুবুর রহমান ইসমাইল    : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী

মুফতি মাসুম বিল্লাহ          : ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র পদপ্রার্থী

ফজলুল হক                 : সাবেক সভাপতি, বিকেএমইএ

রফিউর রাব্বি               : সাংস্কৃতিক ব্যক্তিত্ব

মাহবুবুর রহমান মাসুম       : সভাপতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব

আবদুস সালাম               : সভাপতি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন

এ বি সিদ্দিক                : সভাপতি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি

আবদুর রহমান               : সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি

লক্ষ্মীরানী চক্রবর্তী            : নারীনেত্রী

ফরিদা আক্তার               : মুক্তিযোদ্ধা ও মানবাধিকার সংগঠক

অসিত বরণ বিশ্বাস          : কাউন্সিলর পদপ্রার্থী

পপি রানি সরকার           : সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থী

আহসানুল করিম চৌধুরী     : আইনজীবী