মান্দারগাছে পাখির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্দার ফুলের মধু খেতে বসেছে পাখি। সম্প্রতি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারে
ছবি: শিমুল তরফদার

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের জনমানবহীন রাস্তা। সেখান দিয়ে যেতেই চোখে পড়ে একটি পুরোনো মান্দারগাছ। বসন্তের আগমনে গাছটি ভরে উঠেছে ফুলে ফুলে। হাজারো গাছের মধ্যে এই একটি গাছেই বসন্তে বসে হাজারো পাখির মেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই গাছটি এখন বন্য প্রাণী আলোকচিত্রী ও পাখি পর্যবেক্ষকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সাতছড়ির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। সম্প্রতি একদিন ভোরে নীরব-নিস্তব্ধ রাস্তা দিয়ে সাতছড়ির পর্যবেক্ষণ টাওয়ারের কাছে যেতেই চোখে পড়ে মান্দারগাছের থোকা থোকা লাল ফুল। সঙ্গে কানে আসতে থাকে হরেক পাখির ডাক। পর্যবেক্ষণ টাওয়ারের ওপরে উঠে দেখা যায়, ভোরবেলায়ই দেশের বিভিন্ন জায়গা থেকে আলোকচিত্রীরা চলে এসেছেন। তাঁদের লম্বা লেন্সের ক্যামেরাগুলো সব মান্দারগাছটির দিকে তাক করা। পুরো গাছেই তখন কাঠশালিকের ঝাঁক। মান্দার ফুলের ভেতরে মাথা ঢুকিয়ে মধু পান করছে তারা। কিছুক্ষণ পরেই এল একটি কেশরাজ ফিঙে পাখি। তার ছবি তুলতে তুলতেই সিপাহি বুলবুলি পাখির পুরো একটা ঝাঁক এসে গাছটাই যেন দখল করে নিল। এভাবে দুপুর ১২ পর্যন্ত সেখানে অবস্থান করে নানা জাতের পাখি দেখা গেছে। প্রকৃতিপ্রেমী, পাখি পর্যবেক্ষক, গবেষক ও আলোকচিত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল সাতছড়ির এই মান্দারগাছের ইতিকথা।

জানুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত এই মান্দার গাছটিতে ফুল ফোটে। এ সময় ফুলের মধু ও পোকামাকড় খেতে নানা প্রজাতির পাখি আসে। এই পাখিগুলোর মধ্যে কেশরাজ ফিঙে, সুইচোরা পাখি, ভীম রাজ ফিঙে, সোনাকপালি হরবোলা, সিপাহি বুলবুলি, লালপুচ্ছ বুলবুলি, কাঠশালিক, ভাতশালিক, মদনা টিয়া, সবুজ টিয়া, লালমাথা টিয়া, লটকন টিয়া, ময়না, গোবরে শালিক, জাপানি শালিক, সাদা গলা বুলবুলি, বেগুনি কোমর মৌটুসি, চুনিমুখো মৌটুসি, বেগুনি মৌটুসি, সিঁদুরে মৌটুসি, কোকিল, বউ কথা কও, ফুলঝুরি, বন কোকিল, শ্বেতাক্ষী বা উদয়ী ধলা চোখ, ফটিক জলসহ নানা প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি প্রায়ই আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে।

বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফের (এসইডব্লিউ/সিউ) সমন্বয়ক ও আলোকচিত্রী খোকন থৌনাউজম প্রথম আলোকে বলেন, মান্দার ফুলের মধু ও বিভিন্ন রকম পোকামাকড় খাওয়ার জন্যই পাখিদের আনাগোনা বেশি। গাছটি পাখিদের চলাচল করার রাস্তার মধ্যে পড়ায় সব ধরনের পাখি এখানে বসে যায়। এখানে নানা প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি আসে। এখান থেকেই ২০০৯ সালে বাংলাদেশের পাখির তালিকায় প্রথম যুক্ত হয় জাপানি শালিক। গাছটি যেকোনো সময় ঝড়ে বা বয়সের কারণে ভেঙে পড়তে পারে বা শুকিয়ে যেতে পারে। মান্দারগাছটি যেহেতু বয়স্ক হয়ে গেছে, সেখানে কয়েকটি মান্দারগাছ লাগানো যেতে পারে।

খোকন থৌনাউজম বলেন, কয়েক বছর ধরে এখানে পর্যটকের আনাগোনা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আলোকচিত্রীর আনাগোনাও বেড়েছে। টাওয়ারে ঘুরতে এসে অসচেতন পর্যটকদের উচ্চ স্বরে কথা বলা, গান গাওয়া, গান বাজানোর কাজ করায় পাখিদের উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক আলোকচিত্রীকে দেখা যায় সদলবল ছবি তুলতে এসে উচ্চ স্বরে কথা বলে বা হাসাহাসি করেন। তাঁদের আরও পাখিবান্ধব আচরণ করতে হবে। ফুলের মৌসুমে একসঙ্গে একই দিনে প্রায় ৩৫-৪০ জন আলোকচিত্রী আসেন। যেটা পাখিদের স্বাভাবিক বিচরণে বাজে প্রভাব ফেলে। পর্যটক বা আলোকচিত্রীদের কারণে যেন পাখিদের ওপর বিরূপ প্রভাব না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।