মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক আহত হন বলে জানা গেছে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন নারায়ণপুর গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। আহত কৃষকের নাম তহিদুল ইসলাম (৭০)। তিনি নারায়ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা তিনজন ধান রোপণের কাজ রেখে নিরাপদ আশ্রয়ের জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি নিহত জমসেদ ও জেহের আলীর পরিবারকে আর্থিক সহায়তা দেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।