মান্দায় বিলের ধানখেতে মিলল তরুণের লাশ
নওগাঁর মান্দা উপজেলায় বিলের একটি ধানখেত থেকে মঞ্জুরুল ইসলাম (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ডুবরির বিল থেকে লাশটি উদ্ধার করে মান্দা সদর থানার পুলিশ।
মঞ্জুরুল দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষিশ্রমিক ছিলেন।
মঞ্জুরুলের চাচা আনিছুর রহমান বলেন, গতকাল বুধবার রাতে গ্রামের দেওয়ানপাড়া জামে মসজিদে ইসলামি জলসার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মঞ্জুরুল জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হন। জলসা শেষ হওয়ার পরও বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। কিন্তু মঞ্জুরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন একটি ধানখেতে তাঁর লাশ দেখতে পান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, আলামত দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।