মান্দায় মূল্যবান প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৫
নওগাঁর মান্দায় মূল্যবান পাথরের প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে অভিযান চালিয়ে উপজেলার মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কালিসফা গ্রামের তারেকুর রহমান (৪৫), মহানগর গ্রামের আফজাল হোসেন (৪০), শামসুজ্জামান (৪০), সাদিকুল ইসলাম (৩০) ও মোসলেম উদ্দিন (৪৫)।
মান্দা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে , উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি কষ্টিপাথরের। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিষ্ণুমূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পুকুর থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ার সময় ৯ এপ্রিল দুপুরে খননযন্ত্রের মাধ্যমে একটি মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি একটি চটের বস্তায় ভরে মোটরসাইকেলে সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তিরা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুরোনো পুকুর পুনঃখননের জন্য পুকুরমালিক নিশারুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন কালিসফা গ্রামের তারেকুর রহমান ও সাহাপুর গ্রামের আবদুল ওহাব। ওই পুকুর থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ার সময় ৯ এপ্রিল দুপুরে খননযন্ত্রের মাধ্যমে একটি মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি একটি চটের বস্তায় ভরে মোটরসাইকেলে সটকে পড়েন জড়িত ব্যক্তিরা। পুকুর থেকে মূর্তি বের হওয়ার সংবাদে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশও মূর্তিটি উদ্ধারে ঘটনাস্থলে যায়। কিন্তু জড়িত ব্যক্তিরা মূর্তির পরিবর্তে একটি শিলপাটা পুলিশকে বুঝিয়ে দেন।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। জড়িত আরও কয়েকজন পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।