মা–বাবা ও মেয়ে হত্যা মামলা পিবিআইতে পাঠানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা–বাবা ও মেয়ে হত্যা মামলায় উচ্চতর তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী কহিনুর খানম। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

খুলনার কয়রা উপজেলায় মা–বাবা ও মেয়ে হত্যা মামলা ভিন্ন খাতে নিয়ে গ্রামের সাধারণ মানুষকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাদী কহিনুর খানম। তিনি বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আবদুর রশিদ গাজী যাঁদের নাম বলেছেন, তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অথবা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বাদী।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কহিনুর। তাঁর অভিযোগ, জমিজমাসহ বিভিন্ন বিষয়ে গ্রামের অনেকের সঙ্গে রশিদের দ্বন্দ্ব আছে। জিজ্ঞাসাবাদে তাঁদের নাম বলে অহেতুক ফাঁসিয়েছেন তিনি। পুলিশও ঘটনাটি তদন্ত না করে রশিদের বক্তব্য অনুযায়ী আসামি গ্রেপ্তার করেছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে পিবিআই বা সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি জানান কহিনুর।

গত বছরের ২৫ অক্টোবর সকালে কয়রা উপজেলার বামিয়া গ্রামে পুকুর থেকে হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ (৩৬), তাঁর স্ত্রী বিউটি বেগম (৩২) ও ১২ বছরের মেয়ে হাবিবা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন হাবিবুরের মা কহিনুর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে কয়রা থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে কয়রা থানা–পুলিশ ও বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।

গত ১০ জানুয়ারি খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ওই তিন খুনের ঘটনার রহস্য উন্মোচনের দাবি করেছিলেন। তাঁর ভাষ্যমতে, পরকীয়ায় বাধা, বিকৃত যৌন লালসা ও প্রতারণামূলক আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে কমপক্ষে ছয়জন সরাসরি অংশ নিয়েছিলেন। চাঞ্চল্যকর ওই মামলার অন্যতম আসামি রশিদসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মামলার বাদী কহিনুর খানমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর মেজ ছেলে মফিজুল ইসলাম। বক্তব্যে বলা হয়, হত্যা মামলার আসামি আবদুর রশিদ সীমানাখুঁটি ও তক্ষক বিক্রির ব্যবসা করতেন। এ কাজে তিনি হাবিবুরকেও সঙ্গে নেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা হাবিবুরকে ওই ব্যবসা থেকে সরে আসার অনুরোধ করেন। হাবিবুরের কাছে একটি সীমানাখুঁটি ছিল। সেটি তিনি বিক্রি করার চেষ্টা করছিলেন। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় হাবিবুরের বাড়িতে দুই ব্যক্তি আসেন। ওই রাতে এলাকায় আরও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যায়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর ঘর থেকে একটি শার্ট ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়, সেগুলো মূল্যবান। গ্রামের কেউ এত দামি জিনিস ব্যবহার করেন না। হত্যার আগে ধর্ষণের যে কথা ছড়ানো হয়েছে, সেটি সঠিক নয়। শুধু পরকীয়ার কারণে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে না।

রশিদ স্বীকারোক্তিতে যাঁদের নাম বলেছেন, তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও ব্রিফিংয়ে দাবি করা হয়। আরও বলা হয়, জেলা ডিবি পুলিশ মামলার তদন্ত করলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। হত্যাকাণ্ডের মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।

তবে বাদীর অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক উজ্জল দত্ত। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য–উপাত্তের ভিত্তিতে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আবদুর রশিদ ও সাইফুল ইসলাম নামের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি সঠিকভাবেই তদন্ত চলছে। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে।