মা–বাবার নামটাও যদি জানতে পারতেন ছোটন

দুই বছর বয়সে পাচারের শিকার হয়ে চট্টগ্রামে উদ্ধার হন ছোটন। এখন তাঁর বয়স ১৮ বছর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাচারের সময় ছোটন, ১৮ বছর পর ছোটন

কারা তাঁর মা-বাবা। কোথায় তাঁর ঠিকানা, কিছুই জানেন না ১৮ বছর বয়সী বায়েজীদ বাহার ছোটন। এত দিন মা-বাবার শূন্যতা বুঝতে পারেননি। যাঁদের আশ্রয়ে বড় হয়েছেন, সেই দুই বোনের একজন মারা গেছেন। বছরখানেক ধরে অসুস্থ আরেকজন। দুই বোনের অনুপস্থিতিতে ছোটন কাকে আঁকড়ে বাঁচবেন, সেই প্রশ্ন সামনে চলে এসেছে। এখন মা-বাবা ও স্বজনদের খুঁজে পেতে তিনি মরিয়া।

ঘটনার শুরু ২০০৩ সালের ৮ আগস্ট। শ্যামলা গোলাকার চেহারা, খালি পা, পরনে ময়লা কাপড়। দেড় থেকে দুই বছরের এক শিশু পাচারকারীদের হাত ঘুরে নগরের খুলশী থানা-পুলিশের হাতে উদ্ধার হয়। পুলিশের ধারণা, নীলফামারী থেকে শিশু পাচারকারীদের হাতে অপহৃত হন ছোটন। কেউ দায়িত্ব না নেওয়ায় অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করা আইনজীবী তুতুল বাহার শিশুটিকে নিজ জিম্মায় রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করলে সেদিন থেকে অবুঝ শিশুটির ঠিকানা হয় নগরের বাদুরতলায় ওই আইনজীবীর বাসায়।

চিরকুমারী তুতুল বাহার ও তাঁর বড় বোন লুলুল বাহার মায়ের স্নেহ দিয়ে শিশুটিকে বড় করতে থাকেন। ভর্তি করানো হয় নামী স্কুলে। স্কুলের গণ্ডি পেরিয়ে ছোটন এখন নগরের একটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছেন। এর মধ্যে গত বছরের আগস্টে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান লুলুল বাহার। তিনিও ছিলেন চিরকুমারী। ছোটনের মায়ের মতোই।

ছোটনকে জিম্মায় নেওয়ার পর থেকে নীলফামারী গেছেন কয়েকবার তাঁর মা-বাবার সন্ধানে। কিন্তু পাননি।
তুতুল বাহার, আইনজীবী

একা হয়ে পড়েন ছোটন ও তুতুল বাহার। বড় বোনকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েন তুতুল বাহার। ছোটনের ঠিকানা, মা-বাবার পরিচয় জেনে যেতে চান তিনিও। ছোটনকে জিম্মায় নেওয়ার পর তাঁকে নিয়ে নীলফামারীসহ নানা জায়গায়ও গিয়েছেন তুতুল। তবে সন্ধান পাননি তাঁর মা-বাবার।

তুতুল বাহার প্রথম আলোকে বলেন, ছোটনকে জিম্মায় নেওয়ার পর থেকে নীলফামারী গেছেন কয়েকবার তাঁর মা-বাবার সন্ধানে। কিন্তু পাননি। তিনি এখন বেশ অসুস্থ। আর ছোটনও বড় হয়েছেন। নিজ থেকেই জানতে চান তাঁর শিকড় কোথায়।

পাচারকারীদের খপ্পরে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বায়েজীদ প্রথম আলোকে বলেন, চিরকুমারী দুই বোন তাঁকে বুঝতে দেননি মা-বাবার অভাব। তিনি তাঁদের কাছে বেশ ভালো আছেন। কিন্তু আত্মপরিচয়ের গ্লানি থেকে মুক্তি চান।

বায়েজীদ বলেন, ‘জীবিত বা মৃত মা-বাবার পরিচয় জানতে পারলেও শান্তি পেতাম। অন্তত তাঁদের নাম হলেও জানতে চাই। মৃত্যুর আগপর্যন্ত সেই অপেক্ষায় থাকব। তবে প্রতীক্ষার প্রহর কবে শেষ হবে, জানি না।’