মা–বাবার পর ভেসে উঠল শিশু মারিয়ার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের আট বছরের মেয়ে মারিয়া আক্তার নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই শিশুর লাশ ভেসে ওঠে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার বেলা একটার দিকে নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে তিতাস নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার কাউতলা গ্রামের মো. রিয়াদ (৩৫) ও তাঁর স্ত্রী লিজা আক্তার (২৩) তখনই মারা যান। নিখোঁজ হয় তাঁদের মেয়েশিশু মারিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ পরিবার নিয়ে সিলেটে থাকতেন। রোববার স্ত্রী-সন্তানসহ সিলেট থেকে বেড়াতে নবীনগর উপজেলার মামাশ্বশুরের বাড়িতে যান। সোমবার সকালে রিয়াদ তাঁর পরিবারের লোকজনসহ একটি নৌকায় ১০-১২ জনকে নিয়ে উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রাম থেকে পাশের ভৈরবনগরের উদ্দেশে তিতাস নদীতে ভ্রমণে বের হন। ভৈরবনগরে যাওয়ার পথে তিতাস নদীর সোনাপাড়া নামের স্থানে স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা রিয়াদ ও তাঁর স্ত্রী লিজ পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাকিরা তীরে পৌঁছাতে সক্ষম হলেও রিয়াদ ও লিজার আট বছরের শিশুমেয়ে মারিয়া নিখোঁজ হয়।

নৌকায় থাকা মো. শামছুল জানান, প্রতিবছরই তাঁরা নৌকায় ভ্রমণের উদ্দেশ্যে নবীনগরে যান। কিন্তু এবার স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে গেল।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, নৌকাডুবির পর থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। সোমবার রাত পর্যন্ত তাঁরা উদ্ধার অভিযান চালান। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ছয় সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির লাশ ভেসে ওঠে।

নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক প্রথম আলোকে বলেন, নিহত রিয়াদ ও তাঁর স্ত্রী লিজার লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে দুই পরিবারের সদস্যদের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়েছে।

পাঁচ নৌযানকে জরিমানা

মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলার তিতাস নদীতে সরকারি নিষেধাজ্ঞা না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি নৌযানকে আট হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার তিতাস নদীতে বিভিন্ন পথে চলাচলকারী নৌযানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকা ও নৌযানে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগে পাঁচটি নৌযানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ ধারায় পাঁচটি মামলায় পাঁচটি নৌযানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

ভৈরব-আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট নৌপথে চলাচলকারী সব স্পিডবোটচালকের ডোপ টেস্ট করা হবে। পাশাপাশি তাঁদের বিআইডব্লিউটিএর নিবন্ধনের আওতায় আনা হবে। প্রত্যেক চালককে প্রশিক্ষিত লাইসেন্সধারী হতে হবে। এ বিষয়ে আমরা খুব দ্রুত কাজ শুরু করব।’

এদিকে বুধবার নদী রক্ষার সংগঠন ‘নোঙর’ উপজেলায় লাইফ জ্যাকেট, বয়া, অভিজ্ঞ চালকসহ নিরাপদ নৌযাত্রা নিশ্চিতের দাবিতে মানববন্ধনের আয়োজন করবে।