মামলা করলে পিটিয়ে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানের মৃত্যুতে স্বজনদের কান্না। ছবি: প্রথম আলো
সুলতানের মৃত্যুতে স্বজনদের কান্না। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মামাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সুলতান মিন্টুকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত বখাটেদের কাউকে পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ উঠেছে, হত্যা মামলা করলে বাদীকে পিটিয়ে হত্যা করা হবে—বখাটেদের এমন হুমকিতে সুলতানের পরিবার মামলা করার সাহস পাচ্ছে না।

নিহত সুলতান মিন্টুর বাবা সুরুজ প্রধান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আমার ছেলেকে মাদক ব্যবসায়ী বখাটে যুবকেরা পিটিয়ে হত্যা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’ তিনি অভিযোগ করেন, তাঁর ছেলেকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের এক নিকটাত্মীয় প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ওই ঘটনায় থানায় হত্যা মামলা করলে যে বাদী হবে তাকে পিটিয়ে হত্যা করা হবে।

নিহত সুলতানের পরিবারকে এই হুমকির প্রতিবাদে এলাকাবাসী গতকাল বিকেলে জাকিরের নিকটাত্মীয় আবদুর রাজ্জাককে পিটুনি দেন।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে কলেজে যাওয়া-আসার পথে এক ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করায় এর প্রতিবাদ করেন তার ফুফাতো ভাই সুলতান। এরপর গত শুক্রবার সুলতানকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে বখাটেরা গুরুতর আহত করে। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল জব্বার বলেন, সুলতান হত্যার ঘটনায় পুলিশের কয়েকটি দল গঠন করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে।